বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
বিবিধ

আজ ইস্টার সানডে

b511d17650a1be9e6157497db3aa4192-69d1f64093a97

ইস্টার সানডে বা পবিত্র রবিবার হলো খ্রিস্টিয় ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। খ্রিস্টানরা আজকের এইদিনে মৃত্যুর বিরুদ্ধে যিশুখ্রিস্টের বিজয় উদযাপন করে। খ্রিস্টে বিশ্বাসীদের কাছে এটি পুরাতন জীবনের অবসানের পরে নতুন জীবন শুরুর প্রতীক।

খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, ইস্টার সানডেতে ঈশ্বরপুত্র যিশুখ্রিষ্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুণ্ণ রাখার স্বার্থে যিশুখ্রিষ্টকে অন্যায়ভাবে  ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিন রবিবার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন বা পুনরুত্থান করেন। যিশুখ্রিষ্টের পুনরুত্থানের এই রবিবারকেই ইস্টার সানডে বা পুনরুত্থান রবিবার বলা হয়।

তবে, বড়দিনের মতো ইস্টার সানডে কিন্তু নির্দিষ্ট কোনো তারিখে পালিত হয় না। বলা হয়, ২১ মার্চের পর যখন আকাশে প্রথম দেখা যায় পূর্ণ চাঁদ, তার পরের রবিবার পালন করা হয় ইস্টার। মূলত গ্রেগরিয়ান এবং জুলিয়ান ক্যালেন্ডারসহ বেশ কয়েকটি দিনপঞ্জিকার হিসেব মিলিয়ে বের করা হয় ইস্টারের তারিখ, যা ৪ এপ্রিল থেকে ৮ মের মধ্যে যেকোনো সময় হতে পারে।

দিনটি উপলক্ষে আজ ভোরে মিরপুর ১০ নম্বরে অবস্থিত ঢাকা আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চে প্রাতঃকালীন প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। প্রার্থনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। ভোরে মেজর গ্যানেন্দ্র বাড়ৈ প্রারম্ভিক প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। এরপর প্রার্থনাসংগীত, বাইবেল পাঠ, আশীর্বচন অনুষ্ঠিত হয়। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

এছাড়া, রাজধানী ঢাকার বিভিন্ন গির্জায় বিশেষ উপাসনা ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। এ সময় ভক্তরা দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন। আর নতুন জীবনের প্রতীক হিসেবে শিশুরা রঙিন ডিম বা ‘ইস্টার এগ’ বিনিময় করছে। দিনটি উপলক্ষে গির্জাগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

ইস্টার সানডেঈশ্বরপুত্রগির্জাপুনরুত্থান রবিবারযিশুখ্রিস্ট