অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে

জ্বালানি পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের শিক্ষা ব্যবস্থায় অনলাইন ও অফলাইন মিলিয়ে (ব্লেন্ডেড) পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব তোলা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, রোজার ছুটি, বিভিন্ন আন্দোলনসহ নানা কারণে সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান ব্যাহত হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে সপ্তাহে পাঁচ দিনের বদলে ছয় দিন ক্লাস চালুর বিষয়টি ভাবা হচ্ছে। পাশাপাশি কিছু ক্লাস অনলাইনে নেওয়ার পরিকল্পনাও রয়েছে, যাতে পাঠদান অব্যাহত রাখা যায়।
তিনি আরও জানান, এক জরিপে দেখা গেছে প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে পুরোপুরি অনলাইন শিক্ষা চালু করলে শিক্ষার্থীদের সামাজিক বিকাশে সমস্যা হতে পারে—এ বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি বিস্তারিত আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
শিক্ষামন্ত্রী বলেন, শুরুতে স্কুল পর্যায়ে এই পদ্ধতি চালুর ওপর জোর দেওয়া হচ্ছে। তবে কলেজ পর্যায়েও এটি প্রয়োগ করা যাবে কিনা, তা নিয়েও আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থা রাখা হতে পারে।
তিনি আরও বলেন, বিশেষ করে বড় শহরগুলোতে যানজট, জ্বালানি সংকট এবং বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিকল্প ব্যবস্থাও ভাবা হচ্ছে। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু, বৈদ্যুতিক বাস, মেট্রো এবং সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।



