বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিবিধ

শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় সাশ্রয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে পাবলিক পরীক্ষা শেষের পরিকল্পনা

শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় সাশ্রয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে পাবলিক পরীক্ষা শেষের পরিকল্পনা

শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সময় সাশ্রয় নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা করছে।

পাবলিক পরীক্ষাগুলো বছরের শেষ নাগাদ শেষ করার সম্ভাব্যতা যাচাইসহ একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। ভবিষ্যতে এই পরীক্ষায় বিষয় কমানোর প্রয়োজনীয়তা যাচাই করার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্তও হয়েছে।

২৫ মার্চ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিস্তারিত তথ্য জানানো হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা দেশের সকল শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে গ্রহণ করা হবে। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কক্ষে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) বসানোর বিষয়েও আলোচনা করা হয়েছে। এছাড়া আসন্ন এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর বাস্তব অবস্থা ও সমস্যা চিহ্নিত করতে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষায় নকল ও যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে মন্ত্রণালয় ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশে নকলমুক্ত পরিবেশের বিকল্প নেই। অতীতে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে নকল প্রতিরোধ সম্ভব হয়েছিল, ভবিষ্যতেও সেই ধারা বজায় থাকবে। বিভাগীয় শহরগুলোতে কেন্দ্র সচিব ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।’

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে পাবলিক পরীক্ষার নির্ধারিত সূচি বজায় রাখা সম্ভব হচ্ছিল না; বর্তমান সংস্কার উদ্যোগের মাধ্যমে পুনরায় সুশৃঙ্খল সূচি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

Advertisements