জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার মিমো আর নেই

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার মিমো আর নেই। শুক্রবার (১৩ মার্চ) রাতে রাজধানীতে নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদ্রোগ ও ভার্টিগো সমস্যায় ভুগছিলেন। কয়েক মাস আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাঁটাচলা ও মানুষ চিনতে সমস্যাও দেখা দেয়। পরে কিছুটা সুস্থ হয়ে আবার ক্রীড়াঙ্গনে সক্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন, তবে সেই প্রত্যাবর্তন আর দীর্ঘ হলো না। তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ দিনাজপুরে নেওয়া হচ্ছে এবং সেখানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।
স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের অ্যাথলেটিকসে অন্যতম উজ্জ্বল নাম ছিলেন শামীমা সাত্তার মিমো। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তিনি দীর্ঘদিন হাই জাম্প ইভেন্টে আধিপত্য বজায় রেখেছিলেন। পাশাপাশি স্প্রিন্ট ইভেন্টেও একাধিক পদক অর্জন করেছিলেন। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০০০ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন।
খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পরও তিনি ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে কোচ হিসেবে কাজ শুরু করেন জাতীয় ক্রীড়া পরিষদে। পরে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর উপপরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন।
বিকেএসপি থেকে অবসর নেওয়ার পরও তিনি বিভিন্ন ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘ সময় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় জাজ হিসেবেও কাজ করেন।
তার মৃত্যুতে বিকেএসপি, অ্যাথলেটিকস ফেডারেশন, আর্চারি ফেডারেশনসহ দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠন ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা গভীর শোক প্রকাশ করেছেন।



