৪৪ বছর পর “দম” সিনেমার জন্য আবার গাইলেন সাবিনা ইয়াসমীন

বাংলাদেশের চলচ্চিত্র সংগীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ও আবেগঘন গান ‘এই মন তোমাকে দিলাম’ আবারও ফিরছে বড় পর্দায়। প্রায় ৪৪ বছর পর কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন নতুন সংগীতায়োজনে গানটি গাইলেন ‘দম’ সিনেমার জন্য।
১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘মানসী’ সিনেমায় প্রথম শোনা যায় এই কালজয়ী গানটি। গানটির কথা লিখেছিলেন প্রখ্যাত গীতিকার, সুরকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছিলেন আনোয়ার পারভেজ। সেই গানটি আজও দেশের মানুষের আবেগ ও স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। নতুন করে নির্মিত ‘এই মন তোমাকে দিলাম’ গানটির শিরোনাম আগের মতোই থাকলেও এতে যুক্ত হয়েছে নতুন কিছু কথা। নতুন অংশের গীতিকার তন্ময় পারভেজ। আর নতুন সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি।
গত বুধবার (১১ মার্চ) রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। রেকর্ডিংয়ের ফাঁকে অনুভূতি জানিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, নতুন এই গানটি তাঁর ভালো লেগেছে বলেই তিনি কাজটি করতে রাজি হয়েছেন। পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজ করতে তাঁর ভালো লাগে বলেও জানান তিনি। রেকর্ডিং শেষে তিনি ‘দম’ সিনেমার অভিনয়শিল্পী আফরান নিশো ও পূজা চেরীর অভিনয়ের প্রশংসা করেন এবং সিনেমাটির সংশ্লিষ্ট সবার জন্য শুভকামনা জানান।
গানটি সিনেমায় ব্যবহারের প্রেক্ষাপট তুলে ধরে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম’ একটি বাংলাদেশি গল্পের সিনেমা, যেখানে সাধারণ মানুষের জেগে ওঠার গল্প রয়েছে। এটি একটি আবেগঘন চলচ্চিত্র। তিনি বলেন, সিনেমাটিতে এমন একটি গান রাখতে চাওয়া হয়েছে, যা মানুষের বিভিন্ন অনুভূতিকে স্পর্শ করবে। তার ভাষায়, ‘“এই মন তোমাকে দিলাম” এখন আর শুধু একটি গান নয়; এর সঙ্গে একটি জাতির অনুভূতি, ভালোবাসা, স্মৃতি ও আনন্দ–বেদনা জড়িয়ে আছে। “দম” সিনেমার গল্পও দর্শকের নানা অনুভূতিকে স্পর্শ করবে।’
এদিকে গানটি ব্যবহারের জন্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের পরিবারের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে। নির্মাতা জানান, তাঁর ছেলে সরফরাজ আনোয়ার ও মেয়ে দিঠি আনোয়ার আনন্দের সঙ্গে সিনেমাটিতে গানটি ব্যবহারের অনুমতি দিয়েছেন। রেকর্ডিংয়ের সময় তাঁরাও উপস্থিত ছিলেন এবং পুরো টিমের জন্য শুভকামনা জানান।



