ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বসন্তের ঝিলিক, সড়কের দ্বিভাজকে ফুটেছে রঙিন ফুল

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে বসন্ত যেন নিজেই নেমে এসেছে। সড়কের বিভাজক বা ডিভাইডারে ফুটে উঠেছে রক্তরঙা পলাশ এবং হালকা থেকে গাঢ় গোলাপি রঙের জাপানি ক্যাসিয়া রেনিজেরা, যা পথচারী এবং যাত্রীদের চোখ জুড়ে মুগ্ধতা ছড়াচ্ছে।
জানা গেছে, প্রায় সাত থেকে আট বছর আগে মহাসড়ক চার লেনে উন্নীত করার সময় বিপরীত লেনের গাড়ির হেডলাইটের আলো আটকাতে ডিভাইডারে বিভিন্ন প্রজাতির ফুলগাছ রোপণ করা হয়েছিল। রোপণ করা গাছের মধ্যে ছিল সোনালু, কাঞ্চন, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কদম, পলাশ, জারুল ও জাপানি চেরি গোত্রের ক্যাসিয়া রেনিজেরা। গত কয়েক বছর ধরে পলাশ ও জারুলসহ অন্যান্য ফুল ফুটলেও এবার শীতের শেষে জাপানি ক্যাসিয়া রেনিজেরা তার পূর্ণ সৌন্দর্য প্রকাশ করছে। বিশেষ করে গাজীপুরের হোতাপাড়া এলাকার সড়ক বিভাজক যেন এক টুকরো জাপান হয়ে গেছে।
সড়ক দিয়ে যাত্রীরা ফুলের এই অপরূপ দৃশ্যে মুগ্ধ হচ্ছেন। কেউ গাড়ি থামিয়ে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ বাস বা মাইক্রোবাসের জানালা দিয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করছেন। দূর-দূরান্ত থেকে ফুলের দৃশ্য দেখতে আসছেন অনেকেই। জাপানি ক্যাসিয়া রেনিজেরা তুলোর মতো হালকা সাদা, হালকা গোলাপি এবং গাঢ় গোলাপি রঙের ফুলে সজ্জিত। প্রতিটি গাছ যেন একটি ফুলের তোড়ার মতো লাগছে। ফুলের মনোমুগ্ধকর রঙ এবং সড়কের আলোর প্রতিফলন মুহূর্তেই যাত্রীর মন কেড়ে নিচ্ছে। অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন।
গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী তারিক হোসেন জানান, সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও যাত্রীদের মন ভালো রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে আরও নানা প্রজাতির গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। স্থানীয় পথচারী রুহুল আমিন বলেন, “ক্যাসিয়া রেনিজেরা মূলত জাপানি চেরি গোত্রের ফুল, যা বসন্তে ফোটে। শীতের শেষে গাছের পাতা ঝরে যাওয়ার পর এই ফুল ফুটতে শুরু করে।”



