বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৩ জুন, ২০২৬
নারী

নারীর ওপর সহিংসতা আর দেখতে চাই না: সারা হোসেন

sara-1772875470

বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন বলেছেন, যেকোনো দলের বা মতাদর্শের নারীর ওপর সহিংসতা বা আক্রমণ আর আমরা দেখতে চাই না। গত দেড় বছর ধরে এবং তার আগেও আওয়ামী লীগ সরকারের আমলে আমরা নারীর ওপর আক্রমণ ও নির্যাতন দেখেছি। এটা বন্ধ করতে হবে। সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে।

শনিবার (৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক দীপ্তি দত্ত। কমরেড জলি তালুকদারের সভাপতিত্ব বক্তব্য রাখেন ডা. অধ্যাপক আক্তার বানু, কমরেড লাকি আক্তার, মমতা চক্রবর্তী প্রমুখ।

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর সহিংসতার অভিযোগ এসেছে বলে উল্লেখ করে আইনজীবী সারা হোসেন বলেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়; কিন্তু নারীর ওপর প্রতিহিংসামূলক রাজনীতি চলতে থাকে।

তিনি আরও বলেন, নারীর ওপর সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, বসে থাকলে চলবে না। সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

বক্তারা বলেন, ধর্ষণ ও নির্যাতনের মূল কারণ হচ্ছে- বাংলাদেশের রাজনীতি। আমাদের রাষ্ট্র ব্যবস্থা পুরুষতান্ত্রিক। নতুন সরকারের মন্ত্রিসভায় মাত্র তিনজন নারী স্থান পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৬ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করলেও মাত্র সাত জন নারী নির্বাচিত হয়েছেন।

সভাপতির বক্তব্যে কমরেড জলি তালুকদার বলেন, আমাদের বিরোধী দলে যারা আছেন; তারা একাত্তরের ঘাতক, নারী বিদ্বেষী ও নারী নেতৃত্ব মানেন না।

তিনি আরও বলেন, যারা নারীদের সঙ্গে প্রতারণা করেছেন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত রাখতে হবে। এজন্য আমাদের নতুন করে ভাবতে হবে। নারী মুক্তির জন্য লড়াইটা এগিয়ে নিয়ে যেতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে শক্তিশালী একটা লড়াই গুরুত্বপূর্ণ।

কমরেড লাকি আক্তার বলেন, বাংলাদেশের বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে সব লড়াই সংগ্রামে নারীদের অংশগ্রহণ ছিল এবং আছে। কিন্তু আজ আমাদের শুনতে হয়, নারীদের কাজের কর্ম ঘণ্টা নাকি কমিয়ে দিতে চায় একটি উগ্রপন্থি দল। আমরা নারীদের জন্য সমান মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ চাই।

আন্তর্জাতিক নারী দিবসনারীসহিংসতা