১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
বিনোদন

বডি শেমিং এর শিকার : অবশেষে পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী চট্টোপাধ্যায়

1757964699_srabanti-lead-2

চেহারার গড়ন নিয়ে লাগাতার কুরুচিকর মন্তব্য ও ‘বডি শেমিং’-এর শিকার হয়ে অবশেষে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হলেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ই-মেইলে একটি অভিযোগ দায়ের করেছেন শ্রাবন্তী। পুলিশ জানিয়েছে, তারা অভিযোগটি গ্রহণ করেছে এবং তদন্ত শুরু করেছে।

শিশু অভিনেত্রী থেকে নায়িকা। দুই দশকের বেশি তিনি টলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে শ্রাবন্তীর ওজন বৃদ্ধি ও চেহারার পরিবর্তন নিয়ে নেতিবাচক মন্তব্য করে আসছিলেন নেটিজেনদের একটি অংশ। সম্প্রতি ‘ঠাকুমার ঝুলি’ নামের ওয়েব সিরিজ়ের শুটিং শেষ করেছেন অভিনেত্রী। সেখানে ঠাকুরমা হিসাবে দেখা যাবে অভিনেত্রীকে। চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। এখান থেকেই ঘটনায় শুরু। তাঁর ওজন বৃদ্ধি নিয়ে কিছু নেটিজেন অত্যন্ত অশালীন ভাষায় আক্রমণ শুরু করেন। শ্রাবন্তী বলেন, “ঠাকুরমার চরিত্রে অভিনয়ের জন্য আমাকে তো সেই ভাবে প্রস্তুতি নিতে হবে। ঠাকুরমার গড়ন তো ছিপছিপে নায়িকা-সুলভ হতে পারে না। মানুষ কিছু না জেনেই মন্তব্য করতে ভালবাসেন। আর এর মধ্যে শুধু পুরুষ নন, মহিলারাও রয়েছেন।”

শ্রাবন্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমরা শিল্পীরা এমনিই ‘সফ্‌ট টার্গেট’। কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবেও বলছি, দিনের পর দিন এই ধরনের নোংরা মন্তব্য সহ্য করা যায় না। মানুষের বোঝা উচিত, কেন এই পরিবর্তন হয়েছে।”

সিরিজের শুটিং শেষ হওয়ার পর শ্রাবন্তী বর্তমানে ফের নিয়মিত শরীরচর্চায় মন দিয়েছেন। তবে কেবল নিজের জন্য নয়, বরং শিল্পী সমাজের ওপর হওয়া এই ধারাবাহিক মানসিক অত্যাচারের বিরুদ্ধে একটি দৃষ্টান্ত স্থাপন করতেই তিনি আইনের আশ্রয় নিয়েছেন। সাইবার অপরাধ দমনে পুলিশের কড়া ভূমিকার ওপর ভরসা রাখছেন অভিনেত্রী।

Advertisements