অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ

মেট্রোরেল স্টেশন এলাকা ও ট্রেনের ভেতরে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া সব ধরনের ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এখন থেকে অনুমতি ছাড়া মেট্রোরেলের যেকোনো স্থাপনায় চিত্রধারণ দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
নতুন নির্দেশনার আওতায় মেট্রোরেল স্টেশন, প্ল্যাটফরম, কনকোর্স হল, প্রবেশ ও বহির্গমন পথ এবং চলন্ত ট্রেনের ভেতরে সব ধরনের ভিডিও ধারণ বা প্রচার নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে ইউটিউব বা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য শর্ট ভিডিও নির্মাণ, লাইভ স্ট্রিমিং এবং বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি ও শুটিং করার ক্ষেত্রে এই নিয়ম কঠোরভাবে কার্যকর হবে।
যাত্রীসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে।
ডিএমটিসিএল তাদের বিজ্ঞপ্তিতে সতর্ক করে জানিয়েছে, অনুমতি ব্যতীত কেউ ভিডিও ধারণ বা কনটেন্ট তৈরি করলে তার বিরুদ্ধে বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং বা ফটোগ্রাফি করতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ‘বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা ২০২৩’ অনুসরণ করতে হবে। নির্ধারিত ফি প্রদান ও যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে মেট্রোরেলের স্টেশন ও ট্রেনের ভেতরে টিকটক, রিলস বা অন্যান্য ভিডিও কনটেন্ট তৈরির প্রবণতা বেড়ে যায়। এ কারণে সাধারণ যাত্রীদের মধ্যে অস্বস্তি ও অভিযোগের সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে প্ল্যাটফরমে ভিড় ও চলাচলে বিঘ্নের ঘটনাও সামনে আসে।
নতুন নির্দেশনার কার্যকর বাস্তবায়নে স্টেশনগুলোতে নজরদারি বৃদ্ধি এবং নিরাপত্তাকর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমটিসিএল।
কর্তৃপক্ষের আশা, এই সিদ্ধান্তের ফলে যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় হবে এবং মেট্রোরেল স্টেশনগুলোতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।



