রমজানে গর্ভবতী নারীর ইবাদত

গর্ভাবস্থা একজন নারীর জীবনের বিশেষ একটি সময়। এই সময় তিনি নিজের শরীরের ভেতরে আরেকটি নতুন প্রাণ ধারণ করেন। তাই শারীরিক ও মানসিকভাবে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় তাকে। ইসলাম এই অবস্থাকে অত্যন্ত মর্যাদার চোখে দেখে এবং গর্ভবতী নারীর কষ্ট, ধৈর্য ও ত্যাগকে বিশেষ গুরুত্ব দেয়।
গর্ভধারণের পর অনেক নারী দুর্বলতা, বমি ভাব, ক্লান্তি, ঘুমের সমস্যা কিংবা শারীরিক অস্বস্তির মতো নানা পরিস্থিতির মুখোমুখি হন। তবুও তারা ভবিষ্যৎ সন্তানের কথা ভেবে ধৈর্য ধরে সবকিছু সহ্য করেন। ইসলামের দৃষ্টিতে এই কষ্টগুলো অবহেলার বিষয় নয়। বরং আল্লাহ বান্দার নিয়ত ও ধৈর্যের মূল্য দেন এবং সে অনুযায়ী প্রতিদান দান করেন।
রমজান মাস এলে গর্ভবতী নারীদের মনে প্রায়ই একটি প্রশ্ন আসে—রোজা রাখা কি বাধ্যতামূলক, নাকি শারীরিক অবস্থার কারণে তা থেকে বিরত থাকা যাবে। ইসলামে এ বিষয়ে সহজ ও বাস্তবসম্মত দিকনির্দেশনা রয়েছে। যদি কোনো গর্ভবতী নারী শারীরিকভাবে সক্ষম হন এবং চিকিৎসাগতভাবে কোনো ঝুঁকি না থাকে, তাহলে তিনি রোজা রাখতে পারেন। কিন্তু যদি রোজা রাখার কারণে তার নিজের বা গর্ভের সন্তানের ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে তিনি রোজা না রাখার অনুমতি পাবেন। পরে সুস্থ অবস্থায় সেই রোজাগুলো কাজা আদায় করা যাবে। ইসলামের মূলনীতি হলো মানুষের জন্য সহজতা সৃষ্টি করা।
আল্লাহ–তাআলা বলেন, ‘আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে, তবে সে অন্য দিনগুলোতে এই সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং কঠিন কিছু চান না।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৫)
ফিকহবিদরা গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীকে এই বিধানের অন্তর্ভুক্ত করেছেন। তাই রোজা রাখতে না পারলে কোনো অপরাধবোধে ভোগার কারণ নেই; বরং আমানত হিসেবে নিজের ও সন্তানের জীবন রক্ষা করাও ইবাদতের অংশ।
গর্ভাবস্থায় ইবাদতের ধরণ কিছুটা বদলে যেতে পারে। আগে যেভাবে দীর্ঘ সময় ইবাদত করা সম্ভব ছিল এখন হয়তো তা সম্ভব হয় না। কিন্তু এতে ইবাদতের মূল্য কমে যায় না। আল্লাহ মানুষের সামর্থ্য অনুযায়ী আমল গ্রহণ করেন। তাই কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট পান তিনি বসে নামাজ আদায় করতে পারেন। আর যদি সেটিও কঠিন হয়ে যায় তাহলে শুয়ে ইশারায় নামাজ পড়ার অনুমতিও রয়েছে। তবে মনে রাখতে হবে ইশারায় নামাজের ক্ষেত্রে রুকুর তুলনায় সেজদার সময় একটু বেশি ঝুঁকতে হয়।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো; যদি তা সম্ভব না হয়, তবে বসে পড়ো; আর যদি তাও সম্ভব না হয়, তবে শুয়ে নামাজ আদায় করবে।’ (সহিহ বুখারি, হাদিস: ১১১৭)
এই সময় কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে সহজেই ইবাদত চালিয়ে যাওয়া যায়। অনেক গবেষণায়ও বলা হয়, মায়ের কণ্ঠস্বর ও মানসিক অবস্থার প্রভাব গর্ভের শিশুর ওপর পড়ে। তাই নিয়মিত কোরআন তেলাওয়াত করা বা শোনা মায়ের মনে প্রশান্তি আনে এবং ঘরের পরিবেশও সুন্দর করে।
গর্ভাবস্থার কষ্ট সম্পর্কে কোরআনেও উল্লেখ রয়েছে। এতে বোঝা যায়, মায়ের এই ত্যাগ ইসলামে কতটা মর্যাদাপূর্ণ।
সন্তান ধারণ ও প্রসবের তীব্র কষ্টের কারণেই ইসলামে মায়ের মর্যাদা সবার ওপরে দেওয়া হয়েছে। এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলেন, ‘আমার উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার কে? রাসুলুল্লাহ (সা.) তিনবার বললেন, ‘তোমার মা’, চতুর্থবার বললেন, ‘তোমার বাবা।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৯৭১; সহিহ মুসলিম, হাদিস: ২৫৪৮)
অনেক গর্ভবতী নারী আফসোস করেন যে যে আগের মতো তাহাজ্জুদ বা তারাবি পড়তে পারছেন না। কিন্তু আল্লাহ বান্দার সামর্থ্য জানেন। কোরআনে বলা হয়েছে, ‘আল্লাহ কারো ওপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না।’ (সুরা আল-বাকারা, আয়াত: ২৮৬)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা যা করতে সক্ষম, তা-ই করো।’ (সহিহ বুখারি, হাদিস: ৭২৮৮)
এই সময় সহজ কিছু আমল করা যেতে পারে। যেমন জিকির করা, দরুদ পাঠ করা, ইস্তিগফার করা, কোরআন শোনা, দোয়া করা কিংবা আল্লাহকে স্মরণ করা। শুয়ে বা বিশ্রাম নিয়েও এগুলো করা সম্ভব। রমজানের ইফতারের আগে কিংবা রাতের নিরিবিলি সময়ে নিজের ও অনাগত সন্তানের জন্য দোয়া করা বিশেষ ফজিলতের কাজ।
গর্ভবতী একজন মা শুধু একটি শিশুকে পৃথিবীতে আনছেন না বরং ভবিষ্যতের একটি প্রজন্ম গড়ে তুলছেন। তাই তার ধৈর্য, কষ্ট ও ভালো নিয়ত আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। এই সময় নিজের প্রতি যত্ন নেওয়া, সুস্থ থাকা এবং আল্লাহর ওপর ভরসা রাখা—সবই ইবাদতের অংশ।



