বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
বিনোদন

‘কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই’

‘কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই’

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও ইন্ডাস্ট্রির ভেতরের বাস্তবতা নিয়ে অনেক কিছুই বললেন। পর্দার উজ্জ্বলতা ও গ্ল্যামারের আড়ালে গোপন থাকা সংগ্রাম, হতাশা এবং নিজের পরিচয় ফিরে পাওয়ার গল্প তিনি খোলামেলাভাবে শেয়ার করেছেন।

কৌশানী বলেছেন, দীর্ঘ এক দশক ধরে কাজ করার সময় তিনি যেমন সফলতার চূড়ায় উঠেছেন আবার সেই সঙ্গে ঘুরে বেড়িয়েছে চরম অবহেলা ও হতাশার মধ্যেও। এক সময় তার ক্যারিয়ার এমনভাবে থমকে গিয়েছিল যে অভিনয় জীবনে নিজের পরিচয় নিয়ে সন্দেহ শুরু হয়েছিল।

সেই কঠিন সময়ের স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘আমি জীবনে সবরকম খারাপ সময় দেখে ফেলেছি। এমনও দিন গেছে যখন ভিড়ের মাঝে সবাই শুধু বনির (বনি সেনগুপ্ত) সঙ্গে সেলফি তুলতে চাইতেন, আমাকে কেউ লক্ষ্য পর্যন্ত করত না। তখন নিজের আইডেন্টিটি বা পরিচয় নিয়ে মনে প্রশ্ন জাগত।’

নিজের ব্যক্তিগত সম্পর্ক সম্পর্কেও কৌশানী খোলামেলা। তিনি বলেছেন, ইন্ডাস্ট্রির চাকচিক্য ও অসম্পূর্ণতা তার আগের দীর্ঘস্থায়ী সম্পর্কটিকে টিকিয়ে রাখতে বাধা দিয়েছিল কিন্তু সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি বর্তমানে বনির সঙ্গে সম্পর্ককে আলাদা করে রেখেছেন—কাজ ও ব্যক্তিগত জীবনে স্পষ্ট বিভাজন করে।

সাক্ষাৎকারে কৌশানী প্রকাশ্যেই বলেছেন—‘কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই।’ তিনি জানান, মাঝে মাঝে বনিকে বলতেন, ‘তুমি এত ভালো কাজ করছো, আমাকে কোথাও রিকমেন্ড করো না কেন?’ কাজের সুযোগ পেতে তিনি কারো কাছে বিনয়ে কাজ চাইতে দ্বিধা করেননি, কারণ তার দাবিটা ছিল কোনো অপ্রাসঙ্গিক উদ্দেশ্যে নয়, বরং শুধুমাত্র নিজ শ্রম ও দক্ষতা দেখানোর জন্য।

কৌশানী ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ বাস্তবতাও তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের প্রফেশনে যা কিছু ঘটে, তার বেশিরভাগই দুজনের সম্মতিতে। এখানে ‘গিভ অ্যান্ড টেক’ পলিসিতে কেউ সাড়া না দিলে তাকে জোর করা হয়েছে বলে আমার জানা নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের মেনে নেওয়া ভালো যে আমরা অনেক ক্ষেত্রে অবহেলিত। অনেক সময় মনে হয়েছে স্ক্রিপ্টটা আমি আরও ভালো করতে পারতাম, কিন্তু গতানুগতিক সার্কেলের বাইরে কাউকে কাস্ট করা হয় না। নিজেদের মাটি শক্ত করতেই সবাই প্রযোজনা সংস্থা খুলছেন। সেখানে কেউ যদি নিজের কাছের মানুষ বা প্রেমিকাকে সুযোগ দেয়, তবে কিছু বলার থাকে না।’

Advertisements