বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
নারী

স্বতন্ত্র নারী প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে মারধর

poba-1770900004

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র নারী প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে মারপিট করা হয়েছে। হাবিবা বেগম ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পবার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, দাঁড়িয়ে কথা বলার একপর্যায়ে হঠাৎ এক ব্যক্তি হাবিবা বেগমকে সজোরে থাপ্পড় মারেন। স্থানীয় লোকজন বলেন, চড়থাপ্পড় মারা ওই ব্যক্তির নাম রজব আলী। তিনি পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।

হাবিবা বেগমের প্রধান নির্বাচনী এজেন্ট আকবর হোসেন বলেন, একজন নারী প্রার্থীর গায়ে এভাবে হাত তোলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে জানিয়েছি। কিন্তু ভোটকেন্দ্রের বাইরের ঘটনা বলে তিনি দায় এড়িয়ে গিয়েছেন। আমরা বিষয়টির বিচার চাইবো। ঘটনার পর দুই বছরের সন্তানকে কোলে নিয়ে ভোটকেন্দ্রের সামনে একটি চেয়ারে বসে ছিলেন হাবিবা বেগম। বিকেল ৪টার দিকে হাবিবাকে একটি প্রাইভেটকারে করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। হাবিবা জানান, মারধরের কারণে তিনি কানে শুনতে পাচ্ছেন না। কথা বলতেও কষ্ট হচ্ছে।

এ ব্যাপারে ঘটনাস্থলে বিএনপি নেতা রজব আলীকে পাওয়া যায়নি। রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী বলেন, ভোটারদের কাছে ভোট চাওয়া নিয়ে একজন প্রার্থীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়েছে বলে শুনেছি। কিন্তু মারধরের ঘটনা আমার জানা নেই। কেউ কোন অভিযোগ দেয়নি।

Advertisements
Advertisements