নাতির কোলে চড়ে শতবর্ষী সূর্য বানু ছেলেকে ভোট দিলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কালিয়াকৈর উপজেলার লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। সেখানে ভোট গ্রহণের দিনে এক অনন্য দৃশ্যের সাক্ষী হয়ে থাকলো কালিয়াকৈর। ১১০ বছর বয়সী শতবর্ষী নারী সূর্য বানু ; নাতি সুলাইমানের কোলে উঠে প্রবেশ করেন ভোটকেন্দ্রে । শতবর্ষী এ নারীর বয়সের ছাপ ছিল স্পষ্ট কিন্তু ভোট দিতে পারার উজ্জ্বলতা ছিল চোখে মুখে। বয়স ও শারীরিক দুর্বলতা উপেক্ষা করে সকাল আটটার আগেই কেন্দ্রে হাজির হন তিনি। বয়স ও শারীরিক দুর্বলতা সত্বেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এই দৃশ্য উপস্থিত সবার মন ছুয়ে যায়।
সূর্য বানুর ছেলে মো. মজিবুর রহমান গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, কেন্দ্রে প্রবেশের সময় উপস্থিত ভোটার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সূর্যবানুকে সহযোগিতা করেন। নাতির কোল থেকে নেমে তিনি ভোট দিতে বুথে ঢোকেন। কিছুক্ষণ পর বেরিয়ে এসে এ শতবর্ষী নারী ছেলের জন্য দোয়া করেন।
শতবর্ষী নারী সূর্যবানুর উপস্থিতি ভোটকেন্দ্রে অন্যরকম আবহ তৈরি হয়। অনেকেই এগিয়ে এসে তাকে সালাম দেন; তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। শতবর্ষী এই নারীকে দেখে তরুণ ভোটাররাও অনুপ্রাণিত হন।



