রমনা পার্কে প্রথম ‘ফুল উৎসব’: রঙ ও সুগন্ধে নগরজীবনে আনন্দের ছোঁয়া

গণপূর্ত অধিদপ্তরের আয়োজনে রাজধানীতে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ‘ফুল উৎসব’। রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত প্রায় ৬৮ দশমিক ৫ একর আয়তনের ঐতিহ্যবাহী রমনা পার্কের একটি অংশজুড়ে এই আয়োজন যেন হঠাৎ করেই বদলে দিয়েছে চারপাশের চেনা দৃশ্যপট। ব্যস্ত ও কোলাহলমুখর নগরজীবনের ক্লান্তি ছাপিয়ে রঙিন ফুল আর মিষ্টি সুগন্ধে ভরে উঠেছে পুরো এলাকা। শহরবাসীর জন্য এই উৎসব হয়ে উঠেছে স্বস্তি, আনন্দ আর উচ্ছ্বাসে ভরা এক প্রাণবন্ত বিরতি।

রঙিন ফুলের ফ্রেমে দাঁড়িয়ে মোবাইলে ছবি তোলায় ব্যস্ত দর্শনার্থী—রমনা পার্কের ফুল উৎসবে আনন্দের মুহূর্ত। ছবি: আব্দুল গনি
সকাল থেকেই উৎসবে ভিড় জমাতে শুরু করেন নানা বয়সী মানুষ। পরিবার-পরিজন, বন্ধুস্বজন আর শিশুদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। বিশাল ফুলের প্রদর্শনীর মাঝখানে দাঁড়িয়ে কেউ কেউ মুগ্ধ চোখে দেখছেন সাজানো ফুলের সারি, আবার অনেকেই মোবাইল ফোনে বন্দী করছেন স্মরণীয় মুহূর্তগুলো। রঙিন ফুলের পটভূমিতে ছবি তোলা যেন হয়ে উঠেছে উৎসবের অন্যতম আকর্ষণ।

ফুলের রঙিন আয়োজনে স্মরণীয় মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন এক ব্যক্তি। ছবি: আব্দুল গনি
এই শহরে সাধারণত দোকান থেকে কয়েকটি ফুল কিনেই উপহার দেওয়ার মধ্যেই ফুলের ব্যবহার সীমাবদ্ধ থাকে। কিন্তু এই উৎসব নগরবাসীকে এনে দিয়েছে এক ভিন্ন অভিজ্ঞতা— এক বিশাল ফুলের বাগানে হাঁটার আনন্দ, যেখানে প্রকৃতি আর মানুষের সম্পর্ককে নতুন করে অনুভব করা যায়। নানা জাতের ফুলের সমাহার, পরিকল্পিত সাজসজ্জা আর খোলা জায়গার প্রশান্ত পরিবেশ মিলিয়ে পুরো আয়োজনটি যেন শহরের কোলাহল থেকে খানিকটা দূরে এক শান্তির দ্বীপ।

অনেক দর্শনার্থীর মুখে ফুটে উঠেছে বিস্ময় আর প্রশান্তির ছাপ।এই আয়োজন প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর এক আনন্দময় উপলক্ষ। নগরজীবনের ব্যস্ত, একঘেয়ে ছন্দের মাঝখানে ‘ফুল উৎসব’ তাই অনেকের কাছেই হয়ে উঠেছে হাসি, স্বস্তি আর পারস্পরিক সৌহার্দ্যের এক মিলনমেলা।
সব মিলিয়ে, প্রথমবারের মতো আয়োজিত এই ‘ফুল উৎসব’ প্রমাণ করেছে— পরিকল্পিত ও সুন্দর উদ্যোগ চাইলে কংক্রিটের শহরেও মানুষের জন্য প্রকৃতির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করা সম্ভব। রমনা পার্কের সবুজের মাঝে রঙিন ফুলের এই উৎসব রাজধানীর মানুষের মনে কিছু সময়ের জন্য হলেও এনে দিয়েছে প্রশান্তি আর নির্মল আনন্দ।



