বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৪ আগস্ট, ২০২৬
বিনোদন

যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের করুণ কাহিনি

Untitled-2

গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছরের ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের মর্মান্তিক ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ এবার যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে যাচ্ছে। আলোচিত এই সিনেমাটি শিশু হিন্দের শেষ সময়ের আকুতি ও তাকে বাঁচানোর ব্যর্থ প্রচেষ্টার গল্প তুলে ধরেছে।

২০২৪ সালের জানুয়ারিতে গাজায় ইসরায়েলি হামলার সময় পরিবারের সঙ্গে পালানোর পথে হামলার মুখে পড়ে হিন্দ রাজাব। এ সময় তার সঙ্গে পরিবারের আরও ছয়জন সদস্য ছিলেন। হামলার পর আহত অবস্থায় হিন্দ ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি সেবায় ফোন করে বারবার সাহায্যের আবেদন জানায়। সেই ফোনালাপের অডিও প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া ও নিন্দার সৃষ্টি হয়।

এই বাস্তব ঘটনাকে অবলম্বন করেই নির্মিত হয়েছে ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’। ছবিটি পরিচালনা করেছেন তিউনিশীয় নির্মাতা কাউথার বেন হানিয়া। চলচ্চিত্রে বাস্তব হিন্দ রাজাবের কণ্ঠের অডিওর সঙ্গে নাট্যরূপে অভিনয় মিলিয়ে তার অসহায় সাহায্যের আকুতিকে তুলে ধরা হয়েছে। কাহিনির বড় একটি অংশজুড়ে রয়েছে ওয়েস্ট ব্যাংকে অবস্থিত রেড ক্রিসেন্টের কল সেন্টারের ভেতরের দৃশ্য।

৯০ মিনিটের এই চলচ্চিত্রে দেখানো হয়েছে, হিন্দকে বাঁচাতে শেষ মুহূর্ত পর্যন্ত কেউ আশা ছাড়েনি। অ্যাম্বুলেন্স পাঠানো নিয়ে নিয়ম-কানুন, ঝুঁকি এবং বিভিন্ন বিতর্কের মধ্য দিয়ে গল্প এগিয়ে চলে। দিন গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শিশুকণ্ঠে শোনা যায়, “আমাকে ছেড়ে যাবেন না, আমি অন্ধকারে ভয় পাই।”

বাস্তব ঘটনায় দেখা যায়, উদ্ধারকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা ফোনে হিন্দকে লাইনে রাখেন। সন্ধ্যা ছয়টার দিকে একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের কাছে পৌঁছায়। প্যারামেডিকরা জানান, তারা জরুরি বাতি জ্বালিয়ে এগোচ্ছিলেন, তবে সাইরেন বাজানো হয়নি। কিছুক্ষণের মধ্যেই ভারী গুলির শব্দ শোনা যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই দুই প্যারামেডিকও প্রাণ হারান। হামলার ১২ দিন পর গাড়ি ও অ্যাম্বুলেন্স থেকে মোট নয়টি মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ছবিতে ওমর চরিত্রে অভিনয় করেছেন ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস। অস্কারের দৌড়ে থাকা এই সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন হলিউড তারকা ব্র্যাড পিট ও জোয়াকিন ফিনিক্স। গত বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে ছবিটি ২৩ মিনিটের রেকর্ড ‘স্ট্যান্ডিং ওভেশন’ পায় এবং গ্র্যান্ড জুরি প্রাইজ জিতে ব্যাপক আলোচনায় আসে।

‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ আগামী ১৬ জানুয়ারি যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Advertisements