বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৪ আগস্ট, ২০২৬
স্বাস্থ্য

শীতে যে অসুখগুলো অবহেলা করা ঠিক নয়

5e634e46c4e0d3fe3628ff4afeff7614-655b3b8865466

শীত এলেই অনেকের নাক ঝরা, গলা খুসখুস বা হালকা কাশিকে আমরা সাধারণ মৌসুমি সমস্যা ভেবে এড়িয়ে যাই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, শীতকালের কিছু সাধারণ মনে হওয়া অসুখ সময়মতো গুরুত্ব না দিলে ধীরে ধীরে ভয়ংকর রূপ নিতে পারে। একটু সচেতন হলেই বড় জটিলতা এড়ানো সম্ভব।

সাধারণ সর্দি

শীতকালের সবচেয়ে পরিচিত অসুখ হলো সর্দি। বেশিরভাগ সময় এটি নিজে থেকেই সেরে যায়। তবে সব ক্ষেত্রে নয়। দীর্ঘদিন নাক বন্ধ থাকা, মুখ বা কপালে চাপ লাগার অনুভূতি সাইনাস সংক্রমণের ইঙ্গিত হতে পারে। অনেক সময় সর্দি অবহেলা করলে কানের সংক্রমণ বা হাঁপানির সমস্যা বেড়ে যেতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। একেবারে তুচ্ছ মনে হওয়া নাক ঝরাই সপ্তাহজুড়ে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।

গলা ব্যথা

শীতের ঠান্ডা বাতাসে গলা ব্যথা হওয়া স্বাভাবিক মনে হলেও সব গলা ব্যথা নিরাপদ নয়। কিছু ক্ষেত্রে এটি স্ট্রেপ ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। চিকিৎসা না করলে তীব্র জ্বর, গাঁটে ব্যথা এমনকি বিরল হলেও বাতজ্বরের মতো জটিল সমস্যার ঝুঁকি থাকে। গলা ব্যথার সঙ্গে জ্বর, গিলতে কষ্ট বা দীর্ঘদিন ব্যথা থাকলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

ফ্লু

ফ্লু অনেক সময় সর্দি-কাশির মতো করেই শুরু হয়। তবে এর প্রভাব অনেক বেশি মারাত্মক হতে পারে। শরীর ব্যথা, জ্বর ও তীব্র ক্লান্তির পাশাপাশি নিউমোনিয়া, শ্বাসকষ্ট বা পানিশূন্যতার ঝুঁকি তৈরি করতে পারে। বয়স্ক মানুষ, গর্ভবতী নারী এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তাদের ক্ষেত্রে ফ্লু বিশেষভাবে বিপজ্জনক।

হালকা কাশি

শীতকালে দীর্ঘদিন কাশি চলতে থাকলেও অনেকেই বিষয়টি গুরুত্ব দেন না। অথচ এই কাশিই ব্রঙ্কাইটিস বা ফুসফুসের সংক্রমণের শুরু হতে পারে। ঠান্ডা বাতাস শ্বাসনালীকে আরও সংবেদনশীল করে তোলে, ফলে চিকিৎসা ও বিশ্রাম না নিলে সমস্যা দ্রুত বেড়ে যেতে পারে।

শীতে ইউরিন ইনফেকশন

অনেকে মনে করেন মূত্রনালীর সংক্রমণ শুধু গরমের সমস্যা। বাস্তবে শীতকালে কম পানি পান করার কারণে ইউটিআইয়ের ঝুঁকি বেড়ে যায়। প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা অস্বস্তিকে অবহেলা করলে সংক্রমণ কিডনি পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। যার সঙ্গে জ্বর ও পিঠব্যথা যুক্ত হয়।

শুষ্ক ত্বক

শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক ফেটে যায়। যা ব্যাকটেরিয়া ও ছত্রাকের প্রবেশের সহজ পথ তৈরি করে। বিশেষ করে ডায়াবেটিস বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে সামান্য ত্বকের সমস্যাও দ্রুত গুরুতর সংক্রমণে রূপ নিতে পারে।

শীতকালীন ছোটখাটো অসুখকে অবহেলা না করে সময়মতো বিশ্রাম, যত্ন ও চিকিৎসা নিলেই বড় বিপদ এড়ানো সম্ভব। শরীরের কোনো অস্বাভাবিক সংকেত দীর্ঘদিন থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। সচেতন থাকাই সুস্থ থাকার সবচেয়ে বড় চাবিকাঠি।

Advertisements