বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৪ আগস্ট, ২০২৬
বিনোদন

ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিক নিয়ে বৈষম্য বিদ্যমান: মাধুরী দীক্ষিত

Untitled-3

বলিউডের নব্বইয়ের দশক মানেই মাধুরী দীক্ষিতের দাপট। নাচ, অভিনয় ও ব্যক্তিত্বে তিনি ছিলেন দর্শকের প্রথম পছন্দ। সে সময় জনপ্রিয়তার শীর্ষে থেকেও কাজের ক্ষেত্রে নানা বৈষম্যের মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত জানান, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির উজ্জ্বলতার আড়ালে পারিশ্রমিকসহ অনেক বিষয়ে বৈষম্য দীর্ঘদিন ধরেই বিদ্যমান। তার মতে, সময় বদলালেও এই সমস্যার পুরোপুরি সমাধান এখনো হয়নি।

শুরুর দিনের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, একসময় শুটিং সেটে শিল্পীদের জন্য মৌলিক সুবিধাও ছিল না। ভ্যানিটি ভ্যান তো দূরের কথা, খোলা জায়গায় অপেক্ষা করতে হতো এবং পোশাক পরিবর্তনের জন্য সামান্য আড়াল তৈরি করে নিতে হতো। তখন এসব বিষয় নিয়ে কেউ তেমন প্রশ্ন তুলত না। তবে বর্তমানে কাজের পরিবেশে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে বলে স্বীকার করেন তিনি।

পারিশ্রমিক বৈষম্য নিয়ে কথা বলতে গিয়ে মাধুরী বলেন, এই সমস্যা শুধু বিনোদন জগতেই নয়, প্রায় সব পেশাতেই দেখা যায়।

তিনি আরও বলেন, কোনো অভিনেত্রী যদি প্রমাণ করতে পারেন যে তার উপস্থিতি দর্শককে হলে টানতে সক্ষম, তাহলে প্রযোজকেরা সেটিকে গুরুত্ব দেন। এখানে নারী বা পুরুষ নয়, শেষ পর্যন্ত তারকা হিসেবে গ্রহণযোগ্যতাই বড় বিষয়। তাই ইন্ডাস্ট্রিতে নারীদের জন্য নিজের জায়গা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, যখন বাণিজ্যিক সিনেমায় নায়িকাদের প্রধানত গ্ল্যামারের মধ্যেই সীমাবদ্ধ রাখা হতো, তখন মাধুরী দীক্ষিত ব্যতিক্রমী ও শক্তিশালী নারী চরিত্রে অভিনয়ের মাধ্যমে সেই ধারণা ভেঙে দেন। বর্তমানে সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও সক্রিয় থেকে তিনি নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করে চলেছেন।