দেশজুড়ে সহিংসতা ও নৈরাজ্যে মহিলা পরিষদের গভীর উদ্বেগ

দেশব্যাপী চলমান সহিংসতা, নিষ্ঠুরতা ও নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি এসব ঘটনার জন্য দায়ীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
রোববার বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এক যৌথ বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। রাজনৈতিক নেতা হত্যাকাণ্ড, গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভাঙচুর, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা এবং নারীর প্রতি সহিংসতার মতো ঘটনা বেড়ে গেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে দেশের নারী সমাজ গভীরভাবে ক্ষুব্ধ উল্লেখ করে মহিলা পরিষদ জানায়, দেশের এমন অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিবেশ অত্যন্ত উদ্বেগজনক।
বিবৃতিতে আরও বলা হয়, নৈরাজ্য সৃষ্টিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনগণের নিরাপত্তা ও দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।



