বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১০ আগস্ট, ২০২৬
জীবনযাপন

নতুন পোশাক ধোয়ার আগে যেসব নিয়ম জানা জরুরি

images

নতুন জামা কিনলেই অনেকের প্রথম কাজ সেটি ধুয়ে ফেলা। অভ্যাসটা ভালো হলেও ভুলভাবে ধুলে ত্বকের সমস্যা বাড়তে পারে। এমনকি পোশাকও দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। কারণ নতুন পোশাকে থাকতে পারে জীবাণু, রং বা ক্ষতিকর রাসায়নিক যা সরাসরি ত্বকের সংস্পর্শে এলে চুলকানি, র‍্যাশ বা অ্যালার্জির ঝুঁকি বাড়ায়। তাই নতুন পোশাক ধোয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।

১. লেবেলের নির্দেশনা দেখে নিন

প্রতিটি পোশাকের সঙ্গে ধোয়ার নির্দেশনা লেখা থাকে। কোনটি হাতে ধোয়া যাবে, কোনটি মেশিনে বা ড্রাই ক্লিন দরকার সব তথ্য লেবেলেই থাকে। নতুন পোশাক নেওয়ার পর সঙ্গে সঙ্গে ড্রাই ক্লিনে না দিয়ে আগে ঠান্ডা পানিতে ১০–১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর হালকা মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করে আলতোভাবে ধুয়ে নিন।

২. নতুন পোশাক আলাদা করে ধোন

Advertisements

নতুন পোশাকের রং ওঠার সম্ভাবনা বেশি থাকে। তাই অন্য জামা-কাপড়ের সঙ্গে মেশানো ঠিক নয়। আলাদা করে ধুলে রং উঠলেও অন্য পোশাক নষ্ট হওয়ার ঝুঁকি থাকে না। একই সঙ্গে পুরোনো পোশাকের রংও নতুন পোশাকে লাগবে না।

৩. সরাসরি রোদে শুকাবেন না

নতুন পোশাক রোদে দিলে রং ফ্যাকাশে হয়ে যেতে পারে। তাই ছায়াযুক্ত জায়গায় শুকানোই ভালো। যদি রোদে দিতেই হয়, তাহলে পোশাক উল্টে ভেতরের দিক বাইরে রেখে শুকান। এতে রং অনেক দিন উজ্জ্বল থাকবে।

৪. গরম পানি এড়িয়ে চলুন

নতুন পোশাক ধোয়ার সময় খুব গরম পানি ব্যবহার করা ঠিক নয়। এতে রং উঠতে পারে, কাপড়ের ফাইবার দুর্বল হয়ে যায়। ঠান্ডা বা হালকা গরম পানি নতুন পোশাকের জন্য সবচেয়ে নিরাপদ। এতে কাপড়ের গুণ ও রং দুটোই বজায় থাকে।

৫. বেশি ঘষাঘষি নয়

হাতে বা ওয়াশিং মেশিনে ধোয়ার সময় নতুন পোশাক খুব বেশি ঘষবেন না। অতিরিক্ত ঘষলে কাপড়ের সুতো নষ্ট হয় এবং রং দ্রুত ফিকে হয়ে যায়। আলতোভাবে ধুলেই যথেষ্ট।

আরেকটি কথা মনে রাখুন

কিছু কাপড় প্রথম ধোয়ায় রং ছাড়ে বা খানিকটা সঙ্কুচিত হয়। তাই এমন কাপড় দিয়ে পোশাক বানানোর আগে কাপড় ধুয়ে নেওয়া ভালো। পোশাক বানানোর পর আবার ধুলে রং ও কাপড়ের মান দীর্ঘদিন ভালো থাকে।

সঠিক নিয়মে নতুন পোশাক ধুলে ত্বক থাকবে নিরাপদ, আর পোশাকও থাকবে নতুনের মতো সুন্দর।

Advertisements