বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
নারী

বিশ্ব বাজারে পৌঁছাবে হস্ত ও কারুশিল্প: উপদেষ্টা শারমীন

Untitled-4

জয়িতা ফাউন্ডেশনের পোশাক, হস্ত ও কারুশিল্প একসময় বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার ধানমন্ডিতে জয়িতা ফাউন্ডেশন ভবনে অনুষ্ঠিত জয়িতা বিজয় মেলা ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মেলাটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জয়িতা ফাউন্ডেশন আয়োজন করে।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, জয়িতা ফাউন্ডেশন নতুন রূপ ও কাঠামো নিয়ে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে জয়িতার তৈরি পোশাক, হস্ত ও কারুশিল্প আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

তিনি বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা বিকাশে জয়িতা ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নারীরা যখন উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসে, তখন পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়।

উপদেষ্টা আরও বলেন, জয়িতা বিজয় মেলা নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা, শ্রম ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম। নারীদের প্রশিক্ষণ, বাজারসংযোগ এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সরকার নারীর ক্ষমতায়নে নীতিগত সহায়তার পাশাপাশি বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে শারমীন এস মুরশিদ বলেন, জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, পণ্য ব্র্যান্ডিং এবং বিপণনে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে উপদেষ্টা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, এনডিসি।

এ সময় উপস্থিত ছিলেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ মঞ্জুরা আফরোজ, ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা, নারী উদ্যোক্তারা এবং গণমাধ্যমকর্মীরা।

মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নারী উদ্যোক্তারা হস্তশিল্প, খাদ্যপণ্য, পোশাক, নকশা ও উদ্ভাবনী পণ্য প্রদর্শন করছেন। দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে মেলাটি প্রাণবন্ত হয়ে উঠেছে।

জয়িতা বিজয় মেলা ২০২৫ আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।