বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
নারী

রোকেয়া পদক ২০২৫ পাচ্ছেন চার গুণী নারী

Untitled-3

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদান রাখায় চার বিশিষ্ট নারীকে দেওয়া হচ্ছে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’। রোববার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা এবার রোকেয়া পদক পাচ্ছেন। জাতীয় পুরস্কার–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি তাঁদের নাম চূড়ান্তভাবে সুপারিশ করেছে। গত বৃহস্পতিবার এ সুপারিশ অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়।

রোকেয়া দিবস উপলক্ষে আগামী ৯ ডিসেম্বর সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিতব্য আনুষ্ঠানিকতায় তাঁদের হাতে রোকেয়া পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন নারী জাগরণের অগ্রদূত। সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর সমান অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন তিনি সারা জীবন কাজ করে গেছেন। গল্প, উপন্যাস ও প্রবন্ধে তুলে ধরেছেন নারীর মুক্তির আকাঙ্ক্ষা। নারীশিক্ষা বিস্তার, নারীর ক্ষমতায়ন ও ভোটাধিকারের দাবিতে তিনি ছিলেন পথিকৃত।

৯ ডিসেম্বর তাঁর জন্মদিন এবং একই দিনে ১৯৩২ সালে তিনি মৃত্যুবরণ করেন। দিনটি দীর্ঘদিন ধরে রোকেয়া দিবস হিসেবে পালন করা হচ্ছে। ১৮৮০ সালের এই দিনে রংপুরের পায়রাবন্দে জমিদার পরিবারে তাঁর জন্ম। রোকেয়া খাতুন, রোকেয়া সাখাওয়াত হোসেন এবং মিসেস আর এস হোসেন নামে তিনি লিখতেন। ঊনবিংশ শতকের নারী অবরোধের সময়েও নারীর শৃঙ্খল ভাঙার আওয়াজ তিনিই প্রথম তুলেছিলেন।