বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৬ আগস্ট, ২০২৬
নারী

নারীর উন্নয়ন ও স্বাস্থ্য সুরক্ষায় আশুগঞ্জের ব্যতিক্রমী উদ্যোগ

Untitled-3

আশুগঞ্জে সুবিধাবঞ্চিত নারী ও স্কুল–কলেজপড়ুয়া ছাত্রীদের জীবনে বাস্তব পরিবর্তন আনতে উপজেলা প্রশাসন এক অর্থবহ উদ্যোগ গ্রহণ করেছে। নারীর স্বাবলম্বীতা, স্বাস্থ্যসচেতনতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিকে সামনে রেখে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সেলাই মেশিন ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারীরা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন, অন্যদিকে কিশোরী ও তরুণী শিক্ষার্থীরা পাচ্ছেন নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের প্রয়োজনীয় শিক্ষা ও উপকরণ—যা তাদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অংশগ্রহণের পথে বড় সহায়তা হিসেবে কাজ করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন ও ন্যাপকিন বিতরণ করেন। তিনি বলেন, “নারীকে শুধু সাহায্য দিলে হয় না—তাঁদের এমন দক্ষতা দিতে হবে, যাতে তাঁরা নিজের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে পারেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরজাহান বেগম, উপজেলা প্রকৌশলী পৃথুল ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগম ও একাডেমিক সুপারভাইজার মো. শরিফুজ্জামান।

আলোচনায় বক্তারা বলেন, মাসিক স্বাস্থ্য নিয়ে লজ্জা বা ভয়ের সংস্কৃতি ভাঙতে হবে ,মেয়েদের নিয়মিত স্কুলে যেতে হলে নিরাপদ স্যানিটারি ব্যবস্থার বিকল্প নেই। আর্থিকভাবে পিছিয়ে থাকা নারীদের দক্ষতা শেখানো সমাজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার নারী শিক্ষার্থীর হাতে স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়। এতে মাসিক স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও সচেতনতা নিয়ে শিক্ষার্থীদের সাথে সরাসরি আলোচনা করা হয়।

পাশাপাশি ২৭ জন সুবিধাবঞ্চিত নারীকে সেলাই মেশিন দেওয়া হয়—যা তাঁদের ঘরে বসেই আয় করার পথ খুলে দেবে এবং পরিবারের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে।

আয়োজনে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুবিধাবঞ্চিত নারী এবং অসংখ্য নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠানজুড়ে নারীর সক্ষমতা, সম্মান ও উন্নয়ন—এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে আলোচনা হয়।

Advertisements