বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৪ আগস্ট, ২০২৬
স্বাস্থ্য

গর্ভাবস্থায় যে কারণে মাড়ির প্রদাহ হয়

13-SM670313

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের পরিবর্তন আসে। হরমোনের ওঠানামা যেমন শরীরের ভেতরে পরিবর্তন ঘটায় তেমনি এর প্রভাব পড়ে মুখগহ্বরেও। এ সময় অনেক নারীই মাড়ির প্রদাহ বা প্রেগন্যান্সি জিনজিভাইটিসে ভোগেন। সাধারণত গর্ভাবস্থার দ্বিতীয় থেকে অষ্টম মাসের মধ্যে এই প্রদাহ বেশি চোখে পড়ে।

গর্ভাবস্থায় ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যায়। এই দুই হরমোন মাড়িকে অনেক বেশি সংবেদনশীল করে তোলে। ফলে সামান্য প্ল্যাক জমলেই মাড়িতে প্রদাহ শুরু হতে পারে। এর পাশাপাশি এই সময় অনেক নারীর টক বা মিষ্টি খাবার খাওয়ার প্রবণতা বাড়ে, যা দাঁতে প্ল্যাক জমায়। গর্ভাবস্থায় রোগ প্রতিরোধক্ষমতা কিছুটা কমে যায়। ফলে সংক্রমণ সহজে হয়। পুষ্টিহীনতা থাকলেও মাড়ি দুর্বল হয়ে প্রদাহ দেখা দিতে পারে।

গর্ভকালীন মাড়ির প্রদাহের কিছু সাধারণ লক্ষণ হলো

  • মাড়ি লাল হয়ে ফুলে যাওয়া

  • ব্রাশ করার সময় বা শক্ত খাবার খেতে গেলে রক্ত পড়ে- মাড়ি নরম হয়ে যাওয়া বা দাঁত ঢিলা লাগা
  • মুখে দুর্গন্ধ ও ব্যথা এসব লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

মাড়ির প্রদাহ মায়ের স্বাস্থ্যের ক্ষতি করে। পাশাপাশি অনাগত শিশুও এর প্রভাব পেতে পারে। মায়ের দাঁত ও চোয়ালের হাড় ক্ষতিগ্রস্ত হতে পারে। মুখে পায়োজেনিক গ্রানুলোমা (ছোট লাল ফোলা) তৈরি হতে পারে। গুরুতর প্রদাহ অকাল জন্ম বা কম ওজনের শিশুর জন্মের ঝুঁকি বাড়ায়। দীর্ঘদিন প্রদাহ থাকলে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়।

গর্ভাবস্থায় সামান্য যত্নেই মাড়ির প্রদাহ নিয়ন্ত্রণে রাখা যায়।

  • চিনিযুক্ত ও আঠালো খাবার কম খান
  • দিনে দুইবার নিয়ম করে দাঁত ও জিহ্বা পরিষ্কার করুন
  • পুষ্টিকর ও সুষম খাবার খাবেন
  • তামাক ও অ্যালকোহল সম্পূর্ণ এড়িয়ে চলুন
  • গর্ভধারণের আগে মুখ–দাঁতের সাধারণ চেকআপ করিয়ে রাখা ভালো
  • গর্ভাবস্থায় কোনো সমস্যা দেখা দিলে দন্তচিকিৎসকের পরামর্শ নিন
  • চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থায় নিরাপদ এমন মাউথ ওয়াশ বা ওষুধ ব্যবহার করুন

গর্ভাবস্থায় মাড়ির প্রদাহ অস্বাভাবিক কিছু নয়। তবে উপেক্ষা করলে তা মা ও শিশুর জন্য ঝুঁকিও তৈরি করতে পারে। তাই মুখের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন এবং প্রয়োজন হলে দ্রুত বিশেষজ্ঞের শরণাপন্ন হোন। যত্ন নিলে এই সময়টাও কাটবে নিশ্চিন্তে।

Advertisements