১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
বিনোদন

‘মিস ইন্টারন্যাশনাল ২০২৫’-এ লড়াইয়ে জেসিয়া, বিশ্বমঞ্চে সমর্থন কামনা

IMG-20251118-WA0051

২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আলোচনায় এসেছিলেন জেসিয়া ইসলাম। তবে সেই আসরের বিতর্কিত ফলাফল এবং পরবর্তী সমালোচনার কারণে শোবিজে শক্ত অবস্থান তৈরি করতে পারেননি তিনি। নাটক, সিনেমা ও মডেলিং—কোনো ক্ষেত্রেই তার উল্লেখযোগ্য উপস্থিতি তেমন দেখা যায়নি। ব্যক্তিজীবনের নানা ঘটনাও তাকে বারবার বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে।

এর মাঝেই এবার সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে আবারও বিশ্বমঞ্চে হাজির হয়েছেন জেসিয়া। ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৫’-এ বাংলাদেশ থেকে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন তিনি। এই প্রতিযোগিতার প্রাথমিক ধাপ পেরিয়ে সেরা ২০–এ জায়গা করে নিতে এখন চাই জনসমর্থন। তাই ভোট চেয়ে ভিডিওবার্তা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেই ভিডিওতে জেসিয়া বলেন, “হ্যালো, আমি জেসিয়া ইসলাম। আপনাদের সাপোর্টেই আমি টপ টোয়েন্টিতে যেতে পারবো। Miss International অ্যাপ ডাউনলোড করে আমাকে ভোট দিন। প্রথম ভোট ফ্রি, আর বাকি ভোট ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়া যাবে। আপনার পরিবার ও বন্ধুদেরও উৎসাহিত করুন।”

জেসিয়ার মতে, এটি শুধু ব্যক্তিগত প্রতিযোগিতা নয়—তার জয়ের সঙ্গে যুক্ত থাকবে বাংলাদেশের নামও।

তিনি বলেন,“আমি জিতলে শুধু আমি জিতবো না, জিতবে বাংলাদেশ। তাই সবার সহযোগিতা চাই।”

শোবিজ ক্যারিয়ারে জেসিয়াকে দেখা গেছে নাটক, মডেলিং ও চলচ্চিত্রে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দরদ’ ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি, যেখানে প্রধান চরিত্রে ছিলেন শাকিব খান ও সোনাল চৌহান। এছাড়া ‘মাসুদ রানা-৯’-এ এজেন্ট চরিত্রে অভিনয় করেছেন।

ব্যক্তিজীবনে ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে প্রেম এবং এক রাতে প্রকাশ্য রাস্তায় ঘটে যাওয়া বিতর্কিত ঘটনার কারণে আলোচনায় আসেন তিনি। সেই ঘটনায় সামাজিক মাধ্যমে কম সমালোচনা হয়নি।

এবার সব বিতর্ক পেছনে ফেলে আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা শক্ত করতে চান জেসিয়া ইসলাম। তাঁর আশা—দেশের মানুষ পাশে দাঁড়াবে।

Advertisements