বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
বিনোদন

‘পরিবারই শুরু, পরিবারই শেষ’—এই ট্যাগলাইনে আসছে ‘এটা আমাদেরই গল্প’

WhatsApp Image 2025-11-03 at 6.12.27 PM

পারিবারিক গল্প নিয়ে নির্মিত নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ আগামীকাল (৫ নভেম্বর) থেকে প্রচার শুরু হচ্ছে। ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন প্রমাণিত নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

নির্মাতা বলেন, “আমাদের সমাজের মূল শক্তি হলো পরিবার। আমি বিশ্বাস করি, পরিবারকে কেন্দ্র করে বলা গল্পগুলো দর্শকের হৃদয়ে সবসময় দাগ কাটে। তাই এই সিরিজের ট্যাগলাইন রেখেছি—‘পরিবারই শুরু, পরিবারই শেষ’। গল্পে আমরা তুলে ধরার চেষ্টা করেছি পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ।”

ধারাবাহিকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর ও মাহমুদুল ইসলাম মিঠু।

ইরফান সাজ্জাদকে দেখা যাবে ফাহাদ চরিত্রে এবং খায়রুল বাসার থাকছেন সামির চরিত্রে—দু’জন এখানে দুই ভাইয়ের ভূমিকায়। কেয়া পায়েল অভিনয় করেছেন মেহরীন চরিত্রে এবং সুনেরাহ বিনতে কামাল থাকছেন সায়রা চরিত্রে।

সিরিজটির শুটিং হয়েছে ঢাকার উত্তরার ক্ষণিকালয় শুটিং হাউজ ও সাভারের একটি রিসোর্টে। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।

‘এটা আমাদেরই গল্প’ দেখা যাবে ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে। প্রতি বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রচারিত হবে দুটি করে নতুন পর্ব।

ধারাবাহিকটির জন্য তৈরি হয়েছে তিনটি মৌলিক গান। টাইটেল গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান; গানটির কথা লিখেছেন মাহমুদ মানজুর। এছাড়া ‘সে মানালে’ গানটি গেয়েছেন ও সুর করেছেন শাহরিয়ার মার্সেল (কথা—তারিক তুহিন) এবং ‘জানি না’ গানটি সুর ও কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান, সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা (কথা—সিয়াম সরকার)।