বেলারুশের মিনস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’

ইউরোপের মর্যাদাপূর্ণ আসর বেলারুশের মিনস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বিশ্বের ৪১টি দেশের ১৫৭টি চলচ্চিত্রের মধ্যে রয়েছে সিনেমাটি।
৩১তম মিনস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘লিস্টাপ্যাড’ শুরু হবে আগামী ৩১ অক্টোবর, চলবে ৭ নভেম্বর পর্যন্ত। পরিচালক জায়েদ সিদ্দিকীর ‘দাঁড়কাক’ সিনেমাটি নির্বাচিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে। মিনস্কের ঐতিহ্যবাহী মস্কো সিনেমা হলে আগামী ২ নভেম্বর স্থানীয় সময় দুপুর ৩টায় সিনেমাটি প্রদর্শিত হবে।

খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের একটি ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘দাঁড়কাক’। নির্মাতা নিজেই এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। চলচ্চিত্রটির গল্পে উঠে এসেছে বয়সের ভারে ন্যুব্জ পড়া একজন মানুষের অস্তিত্ব সংকটের বেদনাময় কাহিনি।
সিনেমাটির পরিচালক বলেন, ‘এই সিনেমায় আমরা দেখি পরিবারের অন্যদের ওপর নির্ভরশীল এক বৃদ্ধ, তোরাব শেখকে। পরিবারের চোখে তিনি যেন অপ্রয়োজনীয়। মেয়ের বিয়ে তাঁকে না জানিয়ে দিয়ে তাঁরা যেন তাঁর মর্যাদা কেড়ে নেয়। অপমানের এই ভার সইতে না পেরে তোরাব শেখ একদিন চুপিচুপি বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন। তাঁর না থাকাতে পরিবার বুঝতে পারে–তোরাব শেখই ছিল তাদের জীবনের আসল কেন্দ্রবিন্দু।’
চলচ্চিত্রটির শুটিং হয়েছে ঢাকার খিলগাঁও ও শান্তিনগর এলাকায়। তোরাব শেখের চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে রয়েছেন আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা, এবিএম সাইদুল হক এবং নতুন মুখ জেরিন আক্তার শিমুল ও আখলাকুজ্জামান খান।
এরই মধ্যে ‘দাঁড়কাক’ বাংলাদেশসহ ১১টি দেশের ১৮টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। ষষ্ঠ হিল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার জিতেছে চলচ্চিত্রটি। এছাড়াও ভারতের দশম শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চতুর্থ শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে জিতেছে বিশেষ জুরি পুরস্কার।
এছাড়া অস্ট্রেলিয়ার পনেরোতম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন, কানাডার তেরোতম সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব টরোন্টো, যুক্তরাষ্ট্রের ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ফ্রান্সের তুলুজ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, রাশিয়ার কাজান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, জার্মানির ইন্দো-জার্মান ফিল্ম উইক এবং কানাডার মন্ট্রিয়ল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি প্রশংসিত হয়েছে।



