২৪ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ৯ আশ্বিন ১৪৩৩
ফ্যাশন

ফ্যাশনে নতুন ফিউশন শ্রাগ

Picsart_25-10-09_12-54-09-299

বর্তমান সময়ে একই সাথে ট্রেন্ডিংয়ে চলছে নানান ধরনের ফ্যাশন। পোশাকে চলছে একাধিক ধরনের নকশা। এখন পরিবেশ প্রকৃতি একইসঙ্গে দুই ধরনের আচরণ করছে। সবকিছু মিলিয়ে ফ্যাশনেও কিছু ভিন্নতা থাকা প্রয়োজন। এ সময়ে পোশাকের স্টাইল কীভাবে করলে ফ্যাশন ও আরাম দু-ই থাকে সেটাই বিষয়। সেখানে  ফ্যাশনে যোগ করতে পারেন শ্রাগ  যা গরম লাগলে খুলে রাখা যাবে আবার হালকা ঠান্ডা লাগলে পরে থাকা যাবে। এই মৌসুমে এমন পোশাক চাই যা একই সঙ্গে মৌসুম ও ট্রেন্ড উপযোগী। সেক্ষেত্রে যেকোনো পোশাকের সঙ্গে শ্রাগ বা কটি হতে পারে প্রথম পছন্দ। 

ছাপা কিংবা একরঙা, লম্বা বা ছোট, ঢিলেঢালা ধরনের শ্রাগ আজকাল ভীষণ জনপ্রিয়। ফতুয়া, টি-শার্ট, স্কার্ট, কামিজ কিংবা শাড়ি সবকিছুর সঙ্গেই মানিয়ে যায়। অনেকে ঝামেলা এড়াতে ওড়নার বদলে বেছে নিচ্ছেন নানা কাটের শ্রাগ। একটু আলাদা ডিজাইন আর কাটছাঁটের ভিন্নতায় এসব কটি প্রচলিত ধারায় এনেছে নতুনত্বের ছোঁয়া।

কয়েক বছর ধরেই নতুন করে পোশাকে ফিউশন এনেছে শ্রাগ। শুরুতে নিট ফেব্রিক্সে এক ধরনের লম্বা জ্যাকেট তৈরি হতো যা ধীরে ধীরে বিবর্তন হয়ে শ্রাগে রূপ নেয়। বর্তমানে নানা কাটের শ্রাগ পাওয়া যায়। যেমন ক্লাসিক কাট, বাটারফ্লাই, লেস, রাফল, ভিসকস জার্সি, ওভারসাইজড ধরনের শ্রাগ। শ্রাগের হাতায়ও দেখা যায় ভিন্নতা। ফুলহাতা, ম্যাগি হাতা, থ্রি-কোয়ার্টার হাতা, স্লিভলেস, ফ্রিলসহ নানা রকমের হাতার শ্রাগ বাজারে দেখতে পাওয়া যায়।

পোশাক সাদামাটা হোক বা আড়ম্বরপূর্ণ, তার ওপর হালকা করে একটি শ্রাগ বা কটি জড়িয়ে নিলেই পুরো লুক পেয়ে যায় নতুন মাত্রা। অফিস শেষে যদি হঠাৎ কোনো অনুষ্ঠান বা দাওয়াতে যোগ দিতে হয়, তবে ক্যাজুয়াল অফিস পোশাকের ওপর একটি স্টাইলিশ শ্রাগই হতে পারে দ্রুততম ফ্যাশন আপডেট যা মুহূর্তেই এনে দেবে ভিন্ন রূপ। আমাদের শহুরে জীবনের প্রতিদিনের ব্যস্ত চলাফেরা, আবহাওয়া, পরিবেশ আর পরিস্থিতি মাথায় রেখে ডিজাইনাররা এখন নানা রকম ম্যাটেরিয়াল, রঙ এবং কাটিংয়ে শ্রাগ তৈরি করছেন। হালকা কটন বা লিনেনের শ্রাগ হতে পারে গরমের জন্য, আর সিল্ক বা ভেলভেটের জমকালো শ্রাগ মানাবে শীতের ফাংশন বা পার্টিতে।

শ্রাগের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি দিয়ে সহজেই ফান, ফরমাল কিংবা জমকালো যেকোনো লুক তৈরি করা সম্ভব। শুধু রঙ ও ডিজাইনের মিল রাখলেই হয়ে যায় ম্যাজিক। চাইলে হাতে এমব্রয়ডারি, ঝালর, লেইস বা ফ্রিঞ্জ দেওয়া শ্রাগ বেছে নিয়ে ফিউশন লুকও তৈরি করা যায়

কাপড়ের ভিন্নতা

Advertisements

এখন মার্কেটে নানা ধরনের কাপড়ে শ্রাগের দেখা পাওয়া যায়। সুতি, খাদি, জর্জেট, লিনেন, কাতান, মসলিন, কাঞ্জিভরম সব ধরনের কাপড়েই তৈরি হচ্ছে শ্রাগ। কিছু শ্রাগ হয় বোতামহীন আবার কাঠ-পুঁতি, পাথরের বোতাম বসানো শ্রাগও পাওয়া যায়। 

প্যাটার্ন ও কাটছাঁট

শ্রাগ বিভিন্ন রকম কাটের হতে পারে। নি লেন্থ, ওয়েস্ট লেন্থ, ফুল লেন্থ। এ পোশাক মূলত ভেতরের পোশাককে আরও দৃষ্টিনন্দন করে তুলে। তাই কোন পোশাক ভেতরে পরা হবে তার ওপর নির্ভর করবে শ্রাগের লেন্থ বা স্লিভ ও ফেব্রিক কেমন হবে।

স্কার্টের সঙ্গে শ্রাগ পরতে চাইলে তার লেন্থ হতে হবে স্কার্টের লেন্থের সমান। স্কার্ট ও টপ যদি একই ফেব্রিক ও রঙের হয় তবে শ্রাগ পরতে পারেন কন্ট্রাস্ট করে। যদি টপ ও স্কার্ট ভিন্ন রঙ ও নকশার হয় তবে শ্রাগ স্কার্টের রঙের সঙ্গে মিলিয়ে পরা যেতে পারে। 

বর্তমানের ট্রেন্ড অনুযায়ী নানা রঙের ও ঢঙের শ্রাগের ডিজাইন দেখা যায়। যার ফেব্রিক ও নকশায় রয়েছে নতুনত্ব। এমনভাবে শ্রাগ তৈরি করা হয় যাতে ওয়েস্টার্ন কিংবা সালোয়ার-কামিজ পরতে পারবেন সবকিছুর সঙ্গে। শ্রাগের নকশায় নানা ধরনের অর্নামেন্টাল আঁকিবুঁকি ব্যবহার করেছেন তারা। কোনো কোনো শ্রাগে দেখা মেলে নানা রঙের নান্দনিক নকশা। এমন শ্রাগ একরঙা টপ বা কামিজের সঙ্গে পরেতে পারবেন সহজেই।

টি-শার্টের ক্ষেত্রে নি লেন্থের শ্রাগই বেশি পরা হয়। জিগজ্যাগ কাটিং, বুকে কুচি রয়েছে এমন জর্জেটের শ্রাগ বেশি মানানসই এ ক্ষেত্রে। টি-শার্টের সঙ্গে শ্রাগ পরার সময় রঙের কম্বিনেশনের দিকে মনোযোগ দিতে হবে। সাদা প্লেন টি-শার্টে পরতে পারেন সব ধরনের শ্রাগ। তবে টি-শার্ট যদি কয়েক রঙের মিশ্রণের হয় তবে শ্রাগ এক রঙের হলেই ভালো দেখাবে। সে ক্ষেত্রে একরঙা শ্রাগে পাড়ের মতো করে কাজ থাকলেও দেখতে সুন্দর লাগবে।

কামিজকে আরেকটু দৃষ্টিনন্দন করার জন্য ওয়েস্ট, হিপলাইন বা থাই লেংথ বরাবর শ্রাগ মানায়। কারণ কামিজ হাঁটু পর্যন্ত বা এর নিচ পর্যন্ত লম্বা থাকে। আর কামিজের নিচের অংশে কমবেশি নকশা থাকেই। ফলে এমন শ্রাগ পরা উচিত যা কামিজে নতুন আবেদন যোগ করবে আবার কামিজের নকশাকেও ঢেকে ফেলবে না। থ্রি কোয়ার্টার বা ফুল হাতার পোশাকের সঙ্গে স্লিভলেস শ্রাগ মানানসই। এতে হাতার নকশা দৃশ্যমান থাকে। 

শ্রাগ দিয়ে নানা লুক

প্লেন, একরঙা শ্রাগ স্পোর্টস ওয়্যার বা ক্যাজুয়ালের ওপর কভার-আপ হিসেবে দেবে কম্ফি ও ট্রেন্ডি লুক, বিশেষত হালকা শীতে। ট্যাংক টপ ও হাই ওয়েস্ট প্যান্টের সঙ্গে শর্ট এমব্রয়ডারি শ্রাগ মানাবে ফরমাল লুকের জন্য, আবার একই শ্রাগ ফতুয়ার সঙ্গে দিলে হয়ে যাবে ফেস্টিভ লুক। ক্রপ টপ ও ভিন্ন কাটের প্যান্টের সঙ্গে কনট্রাস্ট শ্রাগ আর বোহেমিয়ান জুয়েলারি পরে সহজেই অনুষ্ঠান মাতাতে পারেন।

Advertisements