বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ৯ জুন, ২০২৬
ভ্রমণ

ভিয়েতনামের স্বাদ তুলে ধরে এমন পাঁচটি ফুড ট্যুর

images (1)

ভ্রমণে প্রকৃতির সৌন্দর্য চোখের আরাম দিলেও পেটের ক্ষুধা মেটাতে পারে না। তাই অনেকে নতুন কোনো দেশে গিয়ে সেই দেশের খাবার চেখে দেখতেই বেশি আনন্দ পান। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ‘ভিয়েতনাম’ এমনই এক গন্তব্য। এই দেশে  প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি স্থানীয় রান্নার স্বাদও সমানভাবে মুগ্ধ করে। এখানে তাজা উপকরণ, অনন্য রন্ধনশৈলী আর বৈচিত্র্যময় আঞ্চলিক খাবার মিলিয়ে গড়ে উঠেছে এক রঙিন খাবার সংস্কৃতি। আর সেই স্বাদকে কাছ থেকে অনুভব করতে এখন জনপ্রিয় হয়ে উঠেছে ফুড ট্যুর। উত্তর দিকের ব্যস্ত রাজধানী হ্যানয় থেকে দক্ষিণের শান্ত মেকং ডেল্টা পর্যন্ত ছড়িয়ে থাকা এসব ট্যুর আপনাকে স্থানীয় সংস্কৃতি ও খাবারের এক অনন্য অভিজ্ঞতা দেবে। তাও মাত্র ২৯ থেকে ৮২ ডলারের মধ্যেই!

হ্যানয় স্ট্রিট ফুড ট্যুর

খাঁটি ভিয়েতনামী খাবারের স্বাদ নিতে চাইলে হ্যানয় স্ট্রিট ফুড ট্যুর হতে পারে সেরা শুরু। হা ফুড ট্যুরস পরিচালিত এই ভ্রমণটি ট্রিপঅ্যাডভাইজারে হাজারো ইতিবাচক রিভিউ পেয়েছে। তিন ঘণ্টার এই হাঁটার ট্যুর শুরু হয় ঐতিহাসিক ওল্ড কোয়ার্টার থেকে। এখানে মাত্র ছয়জন অংশগ্রহণকারী নিয়ে একান্তভাবে শহর ঘোরা যায়। প্রতিদিনের পরিবর্তনশীল মেনুতে থাকে উত্তর ভিয়েতনামের বিখ্যাত খাবার নুডলস, স্যুপ ‘ফো’, মচমচে স্টিকি রাইস, আর মিষ্টি গ্লুটিনাস রাইস বল। প্রতিটি খাবারের পেছনের সাংস্কৃতিক গল্পও গাইডরা ভাগ করে নেন। সকাল ৬টা বা দুপুর ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এই ট্যুর শহর ঘোরার এক আদর্শ সূচনা হতে পারে।

হৈ আন ইভনিং ওয়াকিং ফুড ট্যুর

ইউনেসকো ঘোষিত ঐতিহ্যবাহী শহর হৈ আন ভ্রমণের সবচেয়ে জাদুকরী সময় হলো সন্ধ্যা। এই সময় শহর ভরে যায় রঙিন লণ্ঠনের আলোয়। তখন চলে চার ঘণ্টার ‘হৈ আন ইভনিং ফুড ট্যুর’। পথচলায় ঘুরে দেখা যায় শহরের প্রাণবন্ত নাইট মার্কেট, স্থানীয়দের সঙ্গে ডিনার, আর নানা ঐতিহ্যবাহী খাবার। যেমন মাংসসমৃদ্ধ নুডলস ‘কাও লাউ’, বিখ্যাত ‘বান মি’ স্যান্ডউইচ এবং কোয়াং স্টাইল নুডলস। শেষে হোয়াই নদীতে নৌকায় ভ্রমণ ও গল্প শোনার আয়োজন থাকে। ট্যুরটির আরেকটি মজার দিক হলো ঐতিহ্যবাহী ভিয়েতনামী গেমস খেলার সুযোগ যা সন্ধ্যাটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

ডা নাং ফুড ট্যুর বাই মোটরবাইক

যাঁরা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাঁদের জন্য এই ট্যুর নিখুঁত। সন্ধ্যা ৫টায় শুরু হয়ে রাত পর্যন্ত চলে মোটরবাইকে ঘুরে ছয়টি ভিন্ন ভিন্ন খাবারের জায়গা দেখা ও চেখে দেখার আয়োজন। এভাবে ডা নাং শহরের ব্যাকস্ট্রিট, স্থানীয় রেস্টুরেন্ট আর গলিপথগুলো ঘুরে দেখা যায়। সুস্বাদু ‘বান সেও’ প্যানকেক, গ্রিলড মিট রোল ও ‘নেম লুই’ সব মিলিয়ে খাবারের উৎসব যেন রাস্তাতেই। সপ্তাহান্তে গেলে দেখা মিলবে বিখ্যাত ড্রাগন ব্রিজ ফায়ার শোরও। আটজনের সীমিত এই ট্যুরে নিরাপত্তা ও আনন্দ দুটোই নিশ্চিত।

মেকং ডেল্টা ফ্লোটিং মার্কেট ফুড ট্যুর

ভিয়েতনামের দক্ষিণের মেকং ডেল্টা অঞ্চল যেন ভাসমান জীবনের প্রতীক। এখানে ক্যান থো শহরের ফ্লোটিং মার্কেট ট্যুরে অংশ নিয়ে একদিকে দেখা যাবে নদীর বুকে জেগে থাকা বাজার, অন্যদিকে চেখে দেখা যাবে সদ্য ধরা মাছ ও তাজা ফলের পদ। স্থানীয়দের জীবনের সঙ্গে একাত্ম হয়ে ভোজনের অভিজ্ঞতাই এই ট্যুরের আসল আকর্ষণ।

এক ট্যুরে পুরো ভিয়েতনাম

যাঁরা একবারে দেশটির আসল স্বাদ নিতে চান, তাঁদের জন্য রয়েছে হ্যানয় থেকে হো চি মিন পর্যন্ত ১২-১৩ দিনের কিউরেটেড ফুড ট্যুর। এই প্যাকেজে শুধু খাবারের স্বাদ নয়, রান্না শেখার অভিজ্ঞতাও যুক্ত থাকে। প্রতিটি শহরে স্থানীয় রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড কর্নার আর রান্নার ক্লাস মিলিয়ে একে বলা যায় এক সম্পূর্ণ গ্যাস্ট্রোনমিক জার্নি।

ভিয়েতনাম মানেই কেবল প্রাকৃতিক সৌন্দর্য নয়। বরং এমন এক স্বাদের ভ্রমণ যেখানে প্রতিটি খাবার বলছে একেকটা গল্প। তাই আপনি যদি প্রকৃতি দেখতে দেখতে পেটকেও আনন্দ দিতে চান, তবে এই পাঁচটি ফুড ট্যুর হতে পারে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।