স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’-এ রুনা খান মনোচিকিৎসক

ঘুমহীনতার যন্ত্রণা আর মানসিক অস্থিরতা নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’। শহুরে জীবনের এক গভীর সংকট—ঘুমহীনতা—এই চলচ্চিত্রের মূল বিষয়বস্তু।
চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক। তার চরিত্র একজন ঘুমহীন মানুষ, যার জীবন দিনদিন দুর্বিষহ হয়ে উঠছে। চরিত্রটি নিয়ে ওমর মালিক বলেন, “নির্মাতা বয়াতির সঙ্গে অনেক দিন ধরে পরিচয়। তাঁর কাজ বরাবরই ভালো লাগে। এতদিন একসঙ্গে কাজ না হলেও ‘নিদ্রাসুর’-এর গল্প এতটাই টেনেছে যে, সব প্রতিকূলতা মোকাবিলা করেই কাজটি করেছি। আশা করছি, চলচ্চিত্রটি দেশ-বিদেশের উৎসবে এবং দর্শকদের মন জয় করবে।”
এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মনোচিকিৎসক অনন্যা চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। তিনি বলেন, “এ ধরনের চরিত্রে এবারই প্রথম অভিনয় করলাম। আমাদের শহুরে জীবনের একটি বড় সংকট, ঘুমহীনতা, সেটি নিয়ে গল্প। বিষয় নির্বাচনটা আমার কাছে খুব ভালো লেগেছে।”
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি। গল্প লিখেছেন জাহাঙ্গীর হোসেন আপন। নির্মাতা জানান, দীর্ঘদিন পর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি এবং এটি নিয়ে বেশ আনন্দিত।
তাঁর ভাষায়, “চলচ্চিত্র নির্মাণই আমার মূল লক্ষ্য। পূর্ণদৈর্ঘ্য নির্মাণের পাশাপাশি আমি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ চালিয়ে যেতে চাই। প্রতিনিয়ত মানুষের জীবনের গল্প তুলে ধরার ইচ্ছা রয়েছে।”‘
নিদ্রাসুর’ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন ইকবাল হোসেন, সঞ্চিতা দত্ত, আশিক সরকার ও কাকন চৌধুরী। চলচ্চিত্রটি শিগগিরই দেশি-বিদেশি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।



