বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৯ আগস্ট, ২০২৬
বিনোদন

বাবাকে উৎসর্গ করতে চাই এই পুরস্কার : রানি মুখার্জি

rani

দীর্ঘ তিন দশকের অভিনয় জীবন বলিউড অভিনেত্রী রানি মুখার্জির। অবশেষে তিনি পেয়েছেন বহুল কাঙ্ক্ষিত জাতীয় পুরস্কার। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। সিনেমাটিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি।

গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেন রানি। সম্মাননা হাতে পেয়েই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তাঁর প্রয়াত বাবাকে পুরস্কারটি উৎসর্গ করেন।

রানি মুখার্জি বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে আমার ৩০ বছরের ক্যারিয়ারে এই সম্মান আমার কাছে এক বিশাল প্রাপ্তি। আমার এই পথচলায় আমার মা-ও সবসময় আমাকে সাহস জুগিয়েছেন। আমার বাবা সবসময় এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছেন। আজকে বাবার কথা খুব মনে পড়ছে। আমি মন থেকে বিশ্বাস করি, তিনি আমার সঙ্গেই আছেন। তার শক্তিই আমাকে এই ধরনের একটি ছবি দর্শকদের সামনে আনতে সাহায্য করেছে। আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই এই পুরস্কার।’

একজন মায়ের তার সন্তানের জন্য লড়াইয়ের বাস্তব গল্প ফুটে উঠেছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটিতে। রানি মুখার্জি এই প্রসঙ্গে বলেন, ‘একজন মা হিসেবে এই ছবিটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি দেখিয়েছে একজন মা তার সন্তানের ভালোর জন্য কত দূরে যেতে পারে। আমার এই সম্মান পৃথিবীর সব মায়ের জন্য।’

Advertisements
Advertisements