বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

যশোরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

bito

গত ১১ সেপ্টেম্বর সমকাল এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) যৌথ উদ্যোগে এবং সুহৃদ সমাবেশের আয়োজনে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব আয়োজিত হয়েছে। এ উৎসবে যশোর পর্বে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং যশোর কালেক্টরেট স্কুল রানার্সআপ হয়েছে।

জেলা পর্যায়ের এই আসরে ফাইনাল রাউন্ডে বিজয়ী যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা ইফফাত জামান রায়া শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন। এছাড়াও অপর দুই বিতার্কিক হলেন রাইয়ান তাসনিম অপ্সরা ও অয়ন্তিকা দে দেবলীনা। রানার্সআপ দলের বিতার্কিকরা হলেন দলনেতা সিনথিয়া জামান ফাল্গুনী, লুবাবা বিনতে জাহেদী ও রায়েকা জান্নাত রিতি।

আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিতব্য বিভাগীয় উৎসবে চ্যাম্পিয়ন দল অংশ নেবে। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে জেলার আটটি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ বিতর্ক প্রতিযোগিতা। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সকাল ৯টায় সুহৃদ সমাবেশ যশোরের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর নেতৃত্বে দলগত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক মো. রফিকুল হাসান। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ মোট আটটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নেয়। বাকি প্রতিষ্ঠানগুলো হলো– যশোর জিলা স্কুল, এমএসটিপি বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া বালিকা বিদ্যালয়, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়, শাহিন স্কুল অ্যান্ড কলেজ এবং যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়।