বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৩ আগস্ট, ২০২৬
বিনোদন

এবারই প্রথম ধারাবাহিক নাটকে সুনেরাহ

sunerah

সুনেরাহ বিনতে কামালের ক্যারিয়ার শুরু মডেলিংয়ের মাধ্যমে। ২০১৯ সালে বড় পর্দায় যাত্রা শুরু তাঁর। তানিম রহমান অংশুর ‘ন ডরাই’ এর মাধ্যমে যাত্রা শুরু। টিভিতে তাঁর প্রথম নাটক ‘শূন্য থেকে শুরু’।

গত বছর রাগীব রায়হানের পরিচালনায় আবার নাটকে ফেরেন সুনেরাহ। এর পর থেকে ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন তিনি। প্রতি মাসে বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে সুনেরাহ অভিনীত নাটক। এবার প্রথমবারের মতো ধারাবাহিক নাটকে যুক্ত হলেন সুনেরাহ।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ফ্যামিলি সিরিয়াল ‘এটা আমাদের গল্প’-তে অভিনয় করবেন তিনি। গত রোববার ধারাবাহিকে সুনেরাহর লুক শেয়ার করে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। ধারাবাহিকে সুনেরাহ অভিনয় করবেন সায়রা চরিত্রে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘একটি পারিবারিক সিরিজ। পরিবারে শুরু, পরিবারেই শেষ।’

জানা গেছে, পারিবারিক গল্পে লেখা নাটকটি নির্মাণ করছেন মোস্তফা কামাল রাজ। গত রোজার ঈদে প্রশংসিত হয়েছিল রাজের নাটক ‘এটা তোমাদের গল্প’। সেসময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন পারিবারিক গল্পের একটি ধারাবাহিক নির্মাণের। সুনেরাহর ক্যারেক্টার লুক প্রকাশের মধ্য দিয়ে সেটির আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নির্মাতা। এই ধারাবাহিকে আরও অভিনয় করবেন খায়লুল বাশার। ধারাবাহিকভাবে অন্য অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করা হবে।

নাটকে নিয়মিত হওয়ার পাশাপাশি সিনেমায়ও কাজ করছেন সুনেরাহ। এ বছর রোজার ঈদে তাঁকে দেখা গেছে ‘দাগি’ সিনেমায়। সর্বশেষ গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া তানিম নূরের ‘উৎসব’ সিনেমায় অতিথি চরিত্রে ছিলেন সুনেরাহ। স্ক্রিন উপস্থিতি কম হলেও দুটি সিনেমায় প্রশংসিত হয়েছে সুনেরাহর অভিনয়। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন।