বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিনোদন

তারকাদের সঙ্গে বাড়তি দলবল, প্রযোজকদের জন্য নতুন বোঝা: শর্মিলা ঠাকুর

WhatsApp Image 2025-09-18 at 6.57.01 PM

বলিউডে একের পর এক সিনেমা ব্যর্থ হলেও মাঝে মাঝে ছাভা বা সাইয়ারা–এর মতো হিট ছবি ভক্তদের আশা জাগায়। তবু সামগ্রিকভাবে বক্স অফিসে লড়াই চালিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি। টিকিট বিক্রি কমে যাওয়ার পাশাপাশি প্রযোজকদের জন্য নতুন এক দুশ্চিন্তা হলো—নায়ক-নায়িকাদের সঙ্গে ভ্রমণ করা বিশাল দলবলের খরচ। বহু বছর ধরে এ বিষয়ে সমালোচনা হলেও বাস্তবে পরিবর্তন আসেনি।

সম্প্রতি অভিজ্ঞ অভিনেত্রী শর্মিলা ঠাকুর বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য করেছেন। তিনি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তার পরিবারের ঐতিহ্যবাহী স্থাপনা পাতৌদি প্রাসাদে শুটিং হয় নিয়মিত। সেখানেই তিনি লক্ষ্য করেন, তারকারা সাধারণত একা আসেন না, সঙ্গে নিয়ে আসেন সেক্রেটারি, রাঁধুনি কিংবা ম্যাসাজ-থেরাপিস্ট। ফলে একসঙ্গে ছয়-সাতজনের দল হাজির হয়, আর এর পুরো ব্যয় বহন করতে হয় প্রযোজকদেরই।

আর্কিটেকচারাল ডাইজেস্ট ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, প্রায় ১০ একর জায়গাজুড়ে থাকা পাতৌদি প্রাসাদের বর্তমান মূল্য প্রায় ৮০০ কোটি টাকা। এতে রয়েছে ১৫০টি কক্ষ, যার মধ্যে সাতটি শোবার ঘর, সাতটি ড্রেসিং রুম ও সাতটি বিলিয়ার্ড রুম। একসময় ইফতিখার আলি খান ও মনসুর আলি খান পাতৌদির মালিকানায় থাকা এই প্রাসাদ এখন অভিনেতা সাইফ আলি খানের সম্পত্তি।

শর্মিলা ঠাকুর আরও বলেন, ভ্যানিটি ভ্যান এখন তারকাদের মর্যাদার প্রতীক হয়ে উঠেছে। “শুনেছি, ভ্যানিটি ভ্যানে আলাদা মেকআপ রুম, শোবার ঘর, বসার ঘর, এমনকি বৈঠকের জায়গাও থাকে। যত বড় ভ্যানিটি, তত বড় স্ট্যাটাস—এটাই নিয়মে পরিণত হয়েছে।”

অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, “একসময় দিলীপ কুমারজি ও ওয়াহিদা রহমানজির সিনেমা মাসের পর মাস হাউসফুল হতো। দেব আনন্দের ছবিতে যে ভালো গান থাকবে, সেটা দর্শক নিশ্চিত জানত। প্রযোজকেরাও তখন খরচের টাকা সহজেই তুলতে পারতেন। এখন কি তেমনটা হয়?”

সত্যজিৎ রায়ের অপুর সংসার–এর মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করে সর্বশেষ গুলমোহর সিনেমায় দেখা পাওয়া শর্মিলা ঠাকুর বরাবরই অকপটে নিজের মত প্রকাশ করেছেন। সিনেমার পরিবর্তনশীল ধারা ও তারকাখ্যাতির বাস্তবতা নিয়েও তার বক্তব্য আজও প্রাসঙ্গিক।

Advertisements