১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
বিনোদন

নেপালের দুর্নীতিবিরোধী আন্দোলনে মনীষার সরব সমর্থন

WhatsApp Image 2025-09-10 at 6.54.16 PM

নেপালে দুর্নীতিবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেত্রী ও নেপালের কন্যা মনীষা কৈরালা।

বিখ্যাত নেপালি নেতা ও দেশটির প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ (বিপি) কৈরালার নাতনি মনীষা সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতদের স্মরণ করে লিখেছেন—এই আন্দোলন শুধু ইন্টারনেট বন্ধের প্রতিবাদ নয়, বরং যুবসমাজের দুর্নীতির বিরুদ্ধে লড়াই।

সোমবার আন্দোলন শুরু হলে পুলিশের গুলিতে অন্তত ২০ জন নিহত হন। এরপর ইনস্টাগ্রামে এক রক্তাক্ত জুতার ছবি শেয়ার করে মনীষা লিখেন, “আজ নেপালের জন্য কালো দিন। দুর্নীতিবিরোধী ক্ষোভ ও ন্যায়বিচারের দাবির জবাব এসেছে গুলির মাধ্যমে।”

অভিনেত্রী আরেকটি পোস্টে দাদু বিপি কৈরালাকে স্মরণ করে লিখেছেন—গণতন্ত্রকে কখনো আলাদা করা যায় না। দেশে গণতন্ত্র চাইলে যেকোনো আন্দোলনের পাশে দাঁড়াতে হবে।

শিক্ষার্থীদের ক্ষোভ চরমে পৌঁছায় যখন সরকার ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে। এতে সহিংসতা ছড়িয়ে পড়ে; একাধিক মন্ত্রীর বাড়ি ও প্রধানমন্ত্রীর বাসভবনে হামলার ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল অলির পদত্যাগপত্র গ্রহণ করেন এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

মনীষার পরিবার নেপালের রাজনীতির সঙ্গে দীর্ঘদিনেরভাবে যুক্ত। তার দাদু বিপি কৈরালা ছাড়াও দুই চাচা—এমপি কৈরালা ও জিপি কৈরালা—দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।