গাজার শিশু হত্যাকাণ্ডকাণ্ডের কাহিনি ভেনিসে আন্তর্জাতিক স্বীকৃতি পেল

২৩ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের হামলার শিকার গাজার ফিলিস্তিনিরা। এর মধ্যে ২০২৪ সালের জানুয়ারিতে প্রাণ হারায় পাঁচ বছর বয়সী হিন্দ রজব ও তার পরিবারের সদস্যরা। হামলার সময় গাড়িতে আটকা পড়া হিন্দ রজব একটি ঘণ্টা ধরে সাহায্যের জন্য রেড ক্রিসেন্টে ফোন করে।
তিউনিসিয়া বংশোদ্ভূত ফরাসি পরিচালক কাউথার বেন হানিয়ার তৈরি চলচ্চিত্র ‘ভয়েস অফ হিন্দ রজব’ সেই ফোনকলের আসল রেকর্ড ব্যবহার করে নির্মিত। সম্প্রতি ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটি সিলভার লায়ন পুরস্কার অর্জন করেছে। প্রথম প্রদর্শনীতে দর্শকরা আবেগে ফেটে পড়েন, চিৎকার করে কেঁদেছেন, অনেকে নীরবে চোখের পানি ফেলেছেন।
পরিচালক বেন হানিয়া বলেন, “চলচ্চিত্রটি শুধু পাঁচ বছরের মেয়েটির গল্প নয়, এটি গণহত্যার শিকার পুরো একটি সম্প্রদায়ের কাহিনী। সিনেমার মাধ্যমে হিন্দ রজবের কণ্ঠস্বর অমর হয়ে থাকবে।”
উল্লেখ্য, ভেনিস উৎসবের আগেই সিনেমাটি আন্তর্জাতিক অস্কারে ফিচার ফিল্ম বিভাগের জন্য তিউনিসিয়ার পক্ষ থেকে মনোনয়ন পেয়েছে। বেন হানিয়ার পূর্ববর্তী দুটি চলচ্চিত্রও অস্কারে মনোনীত হয়েছিল।



