বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনমঙ্গলবার, ১২ মে, ২০২৬
বিনোদন

‘তথাকথিত মায়ের চরিত্র নয়, চাই ব্যতিক্রমী কাজ’ — দীপা খন্দকার

দীর্ঘ দুই যুগ ধরে টেলিভিশন নাটক থেকে শুরু করে সিনেমা ও ওটিটি—সব মাধ্যমেই অভিনয় করে আসছেন দীপা খন্দকার। অভিনয়জীবনের শুরুটা ছিল বিটিভিতে অসংখ্য নাটকের ম...

WhatsApp Image 2025-09-04 at 6.57.41 PM

দীর্ঘ দুই যুগ ধরে টেলিভিশন নাটক থেকে শুরু করে সিনেমা ও ওটিটি—সব মাধ্যমেই অভিনয় করে আসছেন দীপা খন্দকার। অভিনয়জীবনের শুরুটা ছিল বিটিভিতে অসংখ্য নাটকের মধ্য দিয়ে। এখনও দর্শকের ভালোবাসা ও সম্মানই তার সবচেয়ে বড় প্রাপ্তি।

সাম্প্রতিক সময়ে দীপা খন্দকার ব্যস্ত ‘স্কুল গ্যাং’ নাটকের তৃতীয় সিজনের শুটিংয়ে। স্কুল শিক্ষকের চরিত্রে তাকে দেখেই শুটিং স্পটে অনেকে টিচার বলে সম্বোধন করেছেন। ছোটরাও তাকে সম্মান জানিয়েছে, যা প্রমাণ করে নাটকটি দর্শকের কাছে সাড়া ফেলেছে।

শুধু নাটকেই নয়, সমানতালে কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মেও। চরকির জন্য একটি ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন, যেখানে মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। পাশাপাশি কাজ করেছেন আই স্ক্রিনের ওয়েব সিরিজেও। দীপা মনে করেন, ওটিটির কারণে ভালো ও যত্নশীল কাজের সুযোগ তৈরি হয়েছে, যা দর্শকও গ্রহণ করছেন।

আগের মতো প্রতিদিন শুটিং না করলেও এখনো মাসে ৫-৬ দিন ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এ প্রসঙ্গে তার স্পষ্ট মন্তব্য, “আমাদের বয়সে এসে নিয়মিত কাজ করা কঠিন। তথাকথিত মায়ের চরিত্র করতে চাই না। মায়ের চরিত্র হলেও চাই সেটি যেন ভিন্নতা ও গুরুত্ব বহন করে।” তবে মোস্তফা কামাল রাজের একটি নাটকে তার করা মা–এর চরিত্র ইউটিউবে ভালো সাড়া ফেলেছিল বলেও উল্লেখ করেন তিনি।

অভিনয়জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে প্রশ্ন করলে দীপা খন্দকার বলেন, “পুরোটাই প্রাপ্তি। স্ট্রাগল করে আসিনি, তাই যতটুকু পেয়েছি সেটাই আমার জন্য যথেষ্ট। দর্শক যেখানেই যাই আমাকে সম্মান করে, প্রশংসা করে—একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে।”

দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া তার কাছে আলাদা আনন্দের। যেমন সম্প্রতি ধামরাইয়ে শুটিংয়ের সময় এক দর্শক তাকে বিদেশি ভেবেছিলেন। পরে জানা যায়, তিনি ‘ভাইজান এলো রে’ সিনেমায় দীপাকে দেখে এমন ধারণা করেছিলেন।

এদিকে দীপা খন্দকার অভিনীত ‘রিতু কাহিনী’ সিনেমাটি ইতিমধ্যে লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। চলতি বছরেই সিনেমাটি মুক্তি পেতে পারে দেশের প্রেক্ষাগৃহে।