ঢাকায় হতে যাচ্ছে মেয়েদের কাবাডি বিশ্বকাপ

ভারতের হায়দরাবাদে গত ৩ থেকে ১০ আগস্ট নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারতে পাকিস্তানের খেলতে না যাওয়ার সিদ্ধান্তে মেয়েদের বিশ্বকাপটি স্থগিত হয়। অন্যদিকে বিকল্প ভেন্যু হিসেবে এ মাসেই ঢাকায় হতে যাচ্ছে মেয়েদের কাবাডি বিশ্বকাপ।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে আমরা একটা চিঠি পেয়েছি। তারা আমাদের আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছে। ইতোমধ্যে আমরা সরকারের কাছে চিঠি দিয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছি। সরকার থেকে সবুজ সংকেত পেলেই মেয়েদের কাবাডি বিশ্বকাপ আয়োজন করব আমরা।’
জাতীয় ক্রীড়া পরিষদের বিদায়ী নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, ‘বিশ্বকাপ আয়োজনের সরকারি অনুমতির জন্য কাবাডি ফেডারেশন আমাদের কাছে যে আবেদন করেছিল, সেটি আমরা পাঠিয়েছিলাম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। ক্রীড়া মন্ত্রণালয় সেই আবেদন পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ে। এখন অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বাংলাদেশে বিশ্বকাপ কাবাডি হবে কিনা।’
এই বিশ্বকাপে ১৪ টি দেশের অংশ নেওয়ার কথা ছিল। পাকিস্তান প্রথমে থাকার কথা ছিল না কিন্তু এখন ভেন্যু যদি বাংলাদেশে হয় তাহলে আন্তর্জাতিক কাাবডি ফেডারেশন দল পরিবর্তন করে পাকিস্তানকে অন্তর্ভূক্ত করতে পারে।



