বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
বিনোদন

গ্লোবাল মঞ্চে ফিলিস্তিন, মিস ইউনিভার্সে প্রথম পদার্পণ

WhatsApp Image 2025-08-19 at 7.59.33 PM

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন নাদিন আইয়ুব (২৭)। গত সোমবার এ খবর নিশ্চিত করেছে সিএনএন।

দ্য মিস ইউনিভার্স অর্গানাইজেশন (এমইউও) এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নাদিনের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে। বিবৃতিতে আরও বলা হয়, ‘মিস ইউনিভার্স সংস্থা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাগত জানায়। এই প্রতিযোগিতায় বৈচিত্র্য, সাংস্কৃতিক আদানপ্রদান এবং নারীর ক্ষমতায়নের বিষয়গুলো উদযাপন করা হয়।’

এতে উল্লেখ করা হয়, ‘ফিলিস্তিনের নাদিন আইয়ুব একজন প্রতিষ্ঠিত আইনজীবী ও মডেল। তিনি আমাদের প্ল্যাটফর্মের মতোই টিকে থাকার শক্তি ও দৃঢ়তার প্রতীক।’ এবারের প্রতিযোগিতায় ১৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের সুন্দরীরা অংশগ্রহণ করবেন। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মিস ইউনিভার্সের ৭৪তম আসরের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

নাদিন ২০২২ সালে মিস ফিলিস্তিন হিসেবে নির্বাচিত হন। গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে তিনি জানান, তিনি ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হতে চান। তিনি লেখেন, ‘প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সম্মানিত।’

নাদিন আরও বলেন, ‘ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় একের পর এক হৃদয়বিদারক ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে আমি তাদের কণ্ঠস্বর হতে চাই, যারা নীরব থাকতে অস্বীকার করেছে। আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধি। আমি চাই সারাবিশ্ব জানুক তাদের দৃঢ়তা ও সাহস সম্পর্কে।’ তিনি যোগ করেন, ‘আমাদের জীবন শুধু দুর্দশার নয়—আমরা সহনশীলতা, আশাবাদ ও মাতৃভূমির প্রতীক। আমরা মাতৃভূমিকে প্রতিটি মুহূর্তে অনুভব করি।’

ফিলিস্তিনকে মিস ইউনিভার্সে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হলো এমন সময়ে যখন গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। ২০২৩ সাল থেকে শুরু হওয়া সংঘাতে গাজায় ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এছাড়া, নতুন করে বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে ১৪৫টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে আনুষ্ঠানিক ঘোষণা করার কথা জানিয়েছে, এবং যুক্তরাজ্যও শর্তাধীনে একই রকম সিদ্ধান্তের কথা জানিয়েছে।