বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
বিনোদন

আত্মবিশ্বাসই আসল সৌন্দর্য— ভিন্ন দৃষ্টিভঙ্গি দিলেন দুর-ই-ফিশান

486099078_691022536827571_7851172159178239551_n

শোবিজ জগতে একটা অলিখিত নিয়ম যেন চলে— টিকে থাকতে হলে চাই ‘পারফেক্ট’ ফিগার। কিন্তু এই প্রচলিত ধারণার বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন ললিউডের জনপ্রিয় অভিনেত্রী দুর-ই-ফিশান সেলিম। তাঁর মতে, ফিটনেস মানে কখনোই কৃত্রিমভাবে রোগা হয়ে যাওয়া নয়, বরং ভেতর থেকে সুস্থ আর আত্মবিশ্বাসী থাকা।

সম্প্রতি পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দুর-ই-ফিশান খোলাখুলি বলেন, ইন্ডাস্ট্রির জন্য নিজেকে পরিবর্তন করার কোনো প্রয়োজন তিনি কখনো অনুভব করেননি। বরং স্বাভাবিক শরীরের গড়ন নিয়েই তিনি সুখী। যদিও পথচলার শুরুতে সহকর্মীদের কাছ থেকে নানা বিদ্রূপ শুনতে হয়েছে, তবুও নিজের আত্মবিশ্বাসে কখনো ফাটল ধরতে দেননি।

তাঁর বিশ্বাস, পাকিস্তানের অধিকাংশ নারীর শারীরিক গড়ন তাঁর মতোই। তাই নাটকে তিনি এমন চরিত্র করতে চান, যা বাস্তব জীবনের নারীদের প্রতিনিধিত্ব করবে। তিনি আরও জানান, অনেকেই তাঁকে বলেছেন, তাঁকে নাকি অভিনেত্রীর মতো লাগে না, বরং একেবারে সাধারণ নারী মনে হয়। কিন্তু তাঁর কাছে সেটিই বড় প্রাপ্তি। কারণ, দর্শকেরা তাঁদের নিজেদের প্রতিচ্ছবি তাঁর চরিত্রের ভেতরে খুঁজে পান।

দুর-ই-ফিশান প্রশ্ন তোলেন— “যখন নাটকে সব ধরনের প্রেমের গল্প দেখানো হয়, তখন অভিনেত্রীদের কেন এক ছাঁচে দেখা হবে?” তাঁর মতে, বিনোদন জগতে এখনো পুরনো ধ্যানধারণার প্রভাব রয়ে গেছে। তবে শৈশবের পারিবারিক পরিবেশ তাঁকে এই চাপ থেকে দূরে রেখেছে। তাঁর পরিবার কখনো চেহারা বা পোশাক নিয়ে সমালোচনা করেনি; বরং তাঁকে নিজের মতো করে বেড়ে ওঠার স্বাধীনতা দিয়েছে।

এই খোলামেলা বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেক নারী তাঁর মন্তব্যে নিজেদের অভিজ্ঞতার প্রতিফলন খুঁজে পাচ্ছেন। দুর-ই-ফিশান দেখিয়ে দিলেন, সৌন্দর্যের আসল শক্তি লুকিয়ে আছে আত্মবিশ্বাসে— কোনো নির্দিষ্ট শারীরিক গড়নে নয়।