বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

১০ বছরের কিশোরীর হাতে গ্র্যান্ডমাস্টারের পরাজয়

Untitled design (4)

ব্রিটিশ কিশোরী দাবাড়ু বোধনা শিবানন্দন অল্প বয়সেই দাবা বিশ্বে এক অনন্য দাগ কেটে দিল। মাত্র ১০ বছর বয়সে তিনি গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে গড়েছেন নতুন রেকর্ড। এত কম বয়সে গ্র্যান্ডমাস্টারকে হারানোর কৃতিত্ব আর কারও নেই।

সিএনএনের খবরে জানা যায়, লন্ডনের উত্তর-পশ্চিমে বেড়ে ওঠা বোধনা লিভারপুলে অনুষ্ঠিত ২০২৫ সালের ব্রিটিশ চেস চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডে ৬০ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার পিট ওয়েলসকে পরাজিত করেন।

আন্তর্জাতিক দাবা ফেডারেশন (এফআইডিই) নিশ্চিত করেছে, খেলার দিন বোধনার বয়স ছিল ১০ বছর ৫ মাস ৩ দিন। এ অর্জনের মাধ্যমে তিনি আমেরিকান খেলোয়াড় ক্যারিসা ইয়িপকে পিছনে ফেললেন। ইয়িপ ২০১৯ সালে ১০ বছর ১১ মাস ২০ দিনে প্রথমবারের মতো গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছিলেন।

এই সাফল্যের পর বোধনা পেয়েছেন উইম্যান ইন্টারন্যাশনাল মাস্টার (ডাব্লিউআইএম) উপাধি, যা মূলত ‘উইমেন গ্র্যান্ডমাস্টার’-এর এক ধাপ নিচে। তবে দাবার সর্বোচ্চ সম্মাননা গ্র্যান্ডমাস্টার খেতাব, যেটি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ ডোমারাজু এবং বিশ্বের এক নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনের মতো কিংবদন্তিদের রয়েছে।

বোধনার দাবা-যাত্রা শুরুর গল্পও বেশ ব্যতিক্রমী। করোনাকালে মাত্র ৫ বছর বয়সে খেলনা-গেমসের সঙ্গে পাওয়া একটি দাবার বোর্ডই তার কৌতূহলের জন্ম দেয়। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বোধনা একবার বলেছিলেন, “একটি ব্যাগে দাবার বোর্ড পেয়ে আমি মুগ্ধ হয়েছিলাম। গুটিগুলো এত ভালো লাগল যে খেলনা হিসেবে ব্যবহার করতে চেয়েছিলাম। তখন বাবা বললেন, এগুলো দিয়ে আসল খেলা শেখা যায়। সেখান থেকেই আমার শুরু।”