গাজীপুরে তিন নদীর মোহনা থেকে তরুণীর ম/রদেহ উদ্ধার

২৬ ঘণ্টা পর উদ্ধার করেছে গাজীপুরের শ্রীপুরে সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়া লামিয়া আক্তার (১৯) নামের এক তরুণীর মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার নান্দিয়াসাঙ্গুন গ্রামের তিন নদীর মোহনায় তাঁর মরদেহ ভেসে ওঠে।
নান্দিয়াসাঙ্গুন গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে লামিয়া। তিনি ময়মনসিংহের পাগলা থানার ক্যাপ্টেন গিয়াস উদ্দিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষা শেষ করেছেন। তার বাড়িতে থাকা ডায়েরি থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তবে চিরকুটে কি লিখা ছিল তা জানা যায় নি।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে লামিয়া উপজেলার ত্রিমোহিনী সেতু থেকে সুতিয়া নদীতে ঝাঁপ দেন। সেতু থেকে প্রায় এক কিলোমিটার দূরে মাছ ধরার জন্য পানিতে রাখা গাছের ডালপালায় আটকে ছিল মরদেহটি। তার জুতা দেখে স্বজনেরা তাকে শনাক্ত করেন। স্থানীয় কয়েকজন নদীতে নেমে উদ্ধারের চেষ্টা করলেও স্রোতের কারণে নাগাল পাওয়া সম্ভব হয়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি মো. ইদ্রিস আলী জানান, মরদেহ উদ্ধার শেষে অনুসন্ধান সমাপ্ত করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ আবদুল বারিক বলেন, চিরকুটের তদন্তে টঙ্গী নৌ পুলিশ কাজ করছে।



