বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
স্পটলাইট

স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন কুইন, আর ফেরা হলো না

স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন কুইন, আর ফেরা হলো না

বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া রাফিয়া সুলতানা কুইন। কয়েকদিন আগেই বিভাগের মেসেঞ্জার গ্রুপে নিজের পরিচয় দিয়েছিলেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে ১৭ আগস্ট প্রথম ক্লাসে অংশ নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কুইন। নতুন বন্ধু, নতুন পরিবেশ সব মিলিয়ে জীবনের নতুন অধ্যায়ের স্বপ্ন বুনছিলেন। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল এক মর্মান্তিক দুঃসংবাদের সঙ্গে।

বুধবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন মেধাবী এই শিক্ষার্থী। কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিলেন কুইন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অজ্ঞান হয়ে গেলে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ভোলাহাট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তার বাবা আব্দুল খালেক আহমেদ ফতেপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

কুইন ছিলেন প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় ব্যতিক্রমী এক উদাহরণ। দেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ের ২৯টি ইউনিটে ভর্তির সুযোগ পেয়েছিলেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ৪৫২তম, ‘বি’ ইউনিটে ৪৭তম এবং ‘সি’ ইউনিটে ৪৩তম স্থান অর্জন করেন। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬৬তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮৩৯তম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ২২০ ও ২৫৬তম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬২৯তম, সাস্টে ৪০তম, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৬৮তম এবং গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ে সম্মিলিতভাবে ১৫৮তম স্থান অর্জন করেন তিনি।

সিদ্ধান্ত নেন পছন্দের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ভর্তি হওয়ার। কিন্তু ক্লাস শুরু হওয়ার আগেই থেমে গেল সবকিছু।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রেজাউল করিম সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন,
“ একটা মৃত্যুর সংবাদ শুনে আমি ট্রমার মধ্যে চলে গেছি। এটা থেকে কিছুতেই বের হতে পারছি না। আহ্, জীবনের পথ কত ছোট, মৃত্যু কত নিকটে!” তিনি আরও বলেন, “ ফুল ফোটার আগেই ঝরে গেল কুইন। কত স্বপ্ন, কত প্রস্তুতি ছিল তার। অথচ আজ সে নেই, না তার স্বপ্নে, না বাবা-মায়ের স্বপ্ন পূরণে, না আমাদের মাঝে।”

একজন শিক্ষার্থীর এমন অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়জুড়ে। নতুন অধ্যায় শুরু করার আগেই কুইনের গল্পটি থেমে গেল চিরতরে।