অবশেষে শেখ মুজিবের ছবি সরালেন প্রধান শিক্ষিকা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের একটি ছবি টানিয়ে রাখা হয়েছিল যাকে ঘিরে তৈরি হয় বিতর্ক ।
প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন শুরুতে ছিলেন অনড়। তিনি বলেন, “ আমার বাবা মইনুদ্দিন মাস্টার একজন বীর মুক্তিযোদ্ধা। আমি বঙ্গবন্ধুর ছবি নামাবো না। কেউ যদি নামায় সেটা তাদের ব্যাপার। আমরা বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করি।” এমন সাহসী অবস্থানের পরও শেষ পর্যন্ত তাকে পিছু হটতে হয়। উপজেলা শিক্ষা অফিস থেকে ফোন পেয়ে তিনি নিজেই ছবিটি খুলে ফেলেন এবং একটি আলমারির চিলেকোঠায় রেখে দেন।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীনের জানান, “ দেশের পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে উপজেলার সব বিদ্যালয় থেকেই বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে। যদিও এ বিষয়ে কোনো সরকারি নির্দেশনা নেই।”
নেছারাবাদ উপজেলা বিএনপির নেতারা এটিকে রাজনৈতিক পক্ষপাতিত্বের নিদর্শন বলেছেন। বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. আজাহারুল ইসলাম টুটুল বলেন, “ ১৭ বছর ধরে এককভাবে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানিয়ে রাখা হয়েছে। স্বাধীনতা সংগ্রামে অন্য কোনো রাজনৈতিক দলের অবদান যেন নেই এমনভাবে ইতিহাস উপস্থাপন করা হয়েছে। আমরা এর বিরোধিতা করি।”
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নেছারাবাদ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস থেকে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলা হয়। শুধুমাত্র সোনারঘোপ বিদ্যালয়ে ছবিটি তখনও টানানো ছিল।



