বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

এক ম্যাচেই দুই জয়, ফাইনালে ব্রাজিল

WhatsApp Image 2025-07-30 at 20.21.30_9aaa4d76

নারী কোপা আমেরিকায় ব্রাজিল একপ্রকার অপ্রতিরোধ্য। নয় আসরের মধ্যে আটবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডই বলে দেয় সেলেসাওদের আধিপত্য। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে তারা।

উরুগুয়ের বিপক্ষে বুধবার (৩০ জুলাই) রাতে দশম কোপার সেমিফাইনালে ৫-১ গোলের দুর্দান্ত জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। শুধু তাই নয়, এই জয়ের সুবাদে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও জায়গা করে নিয়েছে তারা। ইকুয়েডরের রদ্রিগো পাস দেলগাদো অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছিল ব্রাজিলিয়ান মেয়েদের একচেটিয়া দাপট। প্রথমার্ধেই তারা জাল কাঁপায় তিনবার। উরুগুয়ে চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করলেও লাল কার্ড পেয়ে ১০ জনের দলে পরিণত হওয়ার পর পুরোপুরি ভেঙে পড়ে তারা। বল দখলে ৬৯ শতাংশ আধিপত্য ছিল মার্তা সিলভারাদের।

ম্যাচের পঞ্চম মিনিটেই যদিও প্রথম সুযোগটা আসে উরুগুয়ের সামনে। আকুইনোর ক্রসে ওয়েন্ডি কারবালো গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন, কিন্তু গোলরক্ষক ক্লদিয়া দারুণভাবে তা ঠেকান। এরপর শুরু হয় ব্রাজিলের গোলবন্যা। একাদশ মিনিটে মার্তার দুর্দান্ত ক্রস থেকে হেডে গোল করেন আমান্দা গুতিয়েরেস। দুই মিনিট পরেই গিও গারবেলিনি ব্যবধান করেন দ্বিগুণ। ২৬ মিনিটে মার্তা নিজেই পেনাল্টি থেকে করেন তৃতীয় গোলটি।

বিরতির পর উরুগুয়ে একটি গোল শোধ দিলেও সেটা আসে ব্রাজিল ডিফেন্ডার ইসার আত্মঘাতী ভুলে। কিন্তু এরপর ৫৮ মিনিটে ইয়ামিলা মারিয়ানা লাল কার্ড দেখলে উরুগুয়ে পড়ে যায় বিপাকে। এই সুযোগ কাজে লাগিয়ে ৬৫ মিনিটে আমান্দা করেন তার দ্বিতীয় গোল। ম্যাচের ৮৬ মিনিটে স্কোরলাইন ৫-১ করেন দুদিনিয়া।

এই জয়ে শুধু কোপার ফাইনাল নয়, সরাসরি ২০২৮ অলিম্পিকের টিকিটও নিশ্চিত করেছে ব্রাজিল।

নারী