বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

এইচআইভি পজিটিভ মায়ের গর্ভ থেকে জন্ম নিলো সুস্থ সন্তান

29e42878ef5e6bcef47c975920f52179

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এইচআইভি (এইডস) আক্রান্ত এক গর্ভবতী নারীর সফল অস্ত্রোপচারের মাধ্যমে একটি পুত্রসন্তানের জন্ম হয়েছে।

১ জুন, রোববার সিজারিয়ান অপারেশন করে দুপুর ১২টার দিকে তা সফলভাবে সম্পন্ন হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গাইনি বিভাগের কনসালট্যান্ট ডা. ইয়াসমিন আক্তারের নেতৃত্বে সাত সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম এই অপারেশন পরিচালনা করেন। প্রসূতি নারীটি গর্ভাবস্থার ৩৬তম সপ্তাহে ছিলেন।

তার স্বামীর মাধ্যমে তিনি এইচআইভিতে আক্রান্ত হন বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত।

অপারেশন সম্পন্ন হওয়ার পর সংক্রমণ ও নিরাপত্তার বিষয় বিবেচনায় হাসপাতালের লেবার ওটি কক্ষটি ৪৮ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত আরও জানান, এই অপারেশনে অংশগ্রহণকারী মেডিকেল টিমের সদস্যরা পরিচয় গোপন রাখার অনুরোধ করেছেন, যাতে পারিবারিক ও সামাজিক জীবনে কোনো প্রশ্ন বা অসুবিধার সম্মুখীন না হতে হয়।

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল বলেন, অপারেশনের পর শিশু ও তার মা দুজনেই সুস্থ আছেন।

তিনি বলেন, এ ঘটনা যশোরের চিকিৎসা খাতে সচেতনতা এবং দায়িত্বশীলতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, মায়ের শরীরে এই ভাইরাস শনাক্ত হওয়ার পরই এন্টি ভাইরাস টিকা দিলে এই রোগ থেকে সন্তানকে মুক্ত রাখা সম্ভব।