সিঙ্গেলস ডে: একা থাকার স্বাধীনতায় নিজেকে ভালোবাসার উৎসবপ্রেম নেই তো কী হয়েছে, নিজের প্রেমে পড়ুন!

ভালোবাসার দিন মানেই কি প্রিয় মানুষের হাত ধরে ঘুরতে যাওয়া, একসঙ্গে খেতে বসা কিংবা উপহার বিনিময়? মোটেও নয়। জীবনে প্রেমিক বা প্রেমিকা না থাকলেও আনন্দ উদ্যাপনের সুযোগ কমে যায় না। বরং নিজের পছন্দ, ইচ্ছা আর ভালো লাগাকে গুরুত্ব দিয়ে কাটানো যায় বিশেষ একটি দিন। তেমনই এক উপলক্ষ হলো ‘সিঙ্গলস ডে’। প্রতিবছর ১১ নভেম্বর পালিত হয় দিনটি। নিজের স্বাধীনতা, আত্মনির্ভরতা ও আত্মভালোবাসাকে উদ্যাপন করাই এই দিনের মূল উদ্দেশ্য।
চারটি ‘১’ থেকেই সিঙ্গলস ডে-র যাত্রা

সিঙ্গলস ডে পালনের সূচনা চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে, ১৯৯০-এর দশকে। প্রচলিত ধারণা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের চারজন অবিবাহিত শিক্ষার্থী নিজেদের একাকী জীবনকে উদ্যাপনের ভাবনা থেকেই ১১ নভেম্বরকে বেছে নেন। তারিখটির বিশেষত্ব হলো ১১/১১—পরপর চারটি এক। সংখ্যাগুলোকে প্রতীকী অর্থে একা থাকার সঙ্গে যুক্ত করা হয়। শুরুতে দিনটি ‘ব্যাচেলর্স ডে’ নামে পরিচিত থাকলেও সময়ের সঙ্গে নারী-পুরুষ নির্বিশেষে সিঙ্গলদের উৎসবে পরিণত হয়।
একসময় ব্যক্তিগত স্বাধীনতা ও সিঙ্গল জীবন উদ্যাপনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরে দিনটি বাণিজ্যিক উৎসবের রূপ নেয়। ২০০৯ সালে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ১১ নভেম্বর উপলক্ষে বিশেষ অনলাইন কেনাকাটার আয়োজন করে। এরপর থেকেই দিনটি বিশ্বজুড়ে শপিং উৎসব হিসেবে পরিচিতি পেতে শুরু করে। ২০১৭ সালে মাত্র ২৪ ঘণ্টায় আলিবাবার বিক্রির পরিমাণ প্রায় ২৫ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছায়। ফলে ব্যক্তিগত আনন্দের পাশাপাশি বিশ্ববাজারেও বিশেষ গুরুত্ব পায় সিঙ্গলস ডে।
নিজের সঙ্গে ডেট, মন্দ কী!
সিঙ্গলস ডে-তে আনন্দ করার জন্য সঙ্গীর প্রয়োজন নেই। বরং নিজের পছন্দকে প্রাধান্য দিয়ে দিনটি সাজাতে পারেন। অনেক দিন ধরে পছন্দের কোনো পোশাক, জুতা কিংবা সানগ্লাস কেনার পরিকল্পনা থাকলে আজই হতে পারে সেই সুযোগ। তবে আনন্দ করতে গিয়ে যেন বাজেটের বাইরে খরচ না হয়ে যায়, সেদিকেও খেয়াল রাখা জরুরি।
চাইলে নিজেকেই নিয়ে যেতে পারেন ডেটে। পছন্দের রেস্তরাঁয় খাবার খাওয়া, একা সিনেমা দেখা কিংবা প্রিয় ক্যাফেতে বসে এক কাপ কফি উপভোগ করা—সবই হতে পারে দিনের বিশেষ আয়োজন। একা কোথাও যেতে অস্বস্তি বোধ করারও প্রয়োজন নেই। নিজের সঙ্গ উপভোগ করার অভ্যাসও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।
বন্ধুদের নিয়ে হোক সিঙ্গলস পার্টি
একাকী সময় কাটানোর পাশাপাশি বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ারও সুযোগ রয়েছে। আপনার বন্ধুদের মধ্যে যাঁরা সিঙ্গল, তাঁদের নিয়ে আয়োজন করতে পারেন ছোটখাটো পার্টি। হতে পারে একসঙ্গে খাওয়াদাওয়া, আড্ডা, সিনেমা দেখা কিংবা কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা। এতে দিনটি যেমন আনন্দময় হবে, তেমনি বন্ধুদের সঙ্গে সম্পর্কও আরও মজবুত হবে।
নিজের প্রশংসা নিজেই করুন
অন্যের কাছ থেকে প্রশংসা পাওয়ার অপেক্ষায় না থেকে নিজেকেও একটু গুরুত্ব দিন। নিজের ভালো দিক, অর্জন, দক্ষতা ও পছন্দের বিষয়গুলো নিয়ে একটি তালিকা তৈরি করতে পারেন। চাইলে নিজের একটি সুন্দর ছবি কিংবা ইতিবাচক কোনো বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করতে পারেন। কারণ, নিজেকে ভালোবাসা কিংবা নিজের অর্জন নিয়ে গর্ব করার মধ্যে অহংকারের কিছু নেই।
একা থাকা মানেই অসম্পূর্ণ নয়
সিঙ্গলস ডে মূলত মনে করিয়ে দেয়, জীবনে ভালো থাকার জন্য সব সময় প্রেমের সম্পর্ক থাকা জরুরি নয়। সম্পর্কের বাইরে নিজের পরিচয়, স্বাধীনতা, স্বপ্ন ও আনন্দেরও আলাদা গুরুত্ব রয়েছে। তাই ১১ নভেম্বর অন্যের প্রেমের গল্প দেখে মন খারাপ না করে নিজের জীবনটাকেই উদ্যাপন করুন। পছন্দের খাবার, একটু কেনাকাটা, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা নিজের সঙ্গে কিছুটা নিরিবিলি সময়—যেভাবেই কাটুক, দিনটি হোক নিজের জন্য।
মনে রাখবেন, ভালোবাসা প্রকাশের জন্য সব সময় দ্বিতীয় কোনো মানুষের প্রয়োজন হয় না। নিজের প্রতি যত্নশীল হওয়া, নিজেকে সময় দেওয়া এবং নিজের সঙ্গ উপভোগ করাও ভালোবাসারই অংশ।



