যা খুশি বলো, চরিত্র নিয়ে প্রশ্ন করো, আমি নারীর পক্ষেই থাকব: প্রভা

অভিনেত্রী পরীমনির পাশে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের অতীতের একটি ব্যক্তিগত ভিডিওর প্রসঙ্গ টেনে তাকে কটাক্ষ করছেন অনেকে। তবে এসব সমালোচনায় নিজের অবস্থান পরিবর্তন করবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রভা বলেন, যেকোনো নারীর অসম্মান ও হয়রানির বিরুদ্ধে তিনি প্রয়োজনে হাজারবার কথা বলবেন। তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা বা অপমান করলেও নিজের নীতি থেকে সরে আসবেন না।
প্রভা জানান, কোনো নারীর সব কাজের সঙ্গে একমত না হলেও তাকে অসম্মান বা হয়রানি করার অধিকার কারও নেই। ব্যক্তিগত আচরণের সমালোচনা করা যেতে পারে, কিন্তু তার মর্যাদা ক্ষুণ্ন করা কিংবা তাকে অনিরাপদ বোধ করানো গ্রহণযোগ্য নয়।
পরীমনির বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গে প্রভা বলেন, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে তার মনে হয়েছে, সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগটি হয়তো সত্য ছিল না। ওই পরিস্থিতিতে পরীমনিকে যা সহ্য করতে হয়েছে, সে জন্য তিনি সহমর্মিতা প্রকাশ করেন।
নিজের অতীতের একটি ঘটনা নিয়ে যারা তাকে লজ্জিত করার চেষ্টা করছেন, তাদেরও জবাব দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, যে ঘটনার জন্য তিনি দায়ী নন, সেটি নিয়ে অন্যের অভিযোগ তাকে অপরাধী করতে পারে না। মানুষের বিচার তার পরিচয় নির্ধারণ করে না।
প্রভা আরও বলেন, একজন নারীর পাশে দাঁড়িয়ে অপমানিত হওয়াকে তিনি এমন মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, যারা নারীর মর্যাদা নির্ধারণের অধিকার নিজেদের হাতে রাখতে চান।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে আলোচনায় আসেন পরীমনি। পরে ভিডিও বার্তায় তার পাশে দাঁড়িয়ে নিজের জীবনের একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথাও জানান প্রভা। এরপর সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। এবার সেই সমালোচনার জবাবে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করলেন তিনি।



