৪ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ১৯ কার্তিক ১৪৩৩
নারী

নার্স ও সাংবাদিক থেকে বুলগেরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট

নার্স ও সাংবাদিক থেকে বুলগেরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট

১৯৪৪ সালে পূর্ণ ও সর্বজনীন ভোটাধিকার লাভের প্রায় ৮২ বছর পর বুলগেরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইলিয়ানা ইয়োতোভা। এর আগে তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট রুমেন রাদেভের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাদেভ সংসদীয় রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য পদত্যাগ করলে গত জানুয়ারিতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন ইলিয়ানা। অবশেষে নির্বাচনে জয়ী হয়ে বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়লেন তিনি।

রাজনীতিতে স্থায়ী আসন তৈরির আগে ১৯৮০ সালের দিকে সোফিয়ার ফার্স্ট হাসপাতালে নার্স হিসেবে কাজ করেছিলেন ইলিয়ানা। পরে তিনি বুলগেরিয়ান ন্যাশনাল টেলিভিশনে রিপোর্টার ও প্রযোজক হিসেবে কাজ শুরু করেন। ১৯৯৭ সালে সোশ্যালিস্ট পার্টির প্রেস সেন্টারের প্রধান হয়ে তিনি প্রত্যক্ষ রাজনীতিতে প্রবেশ করেন। এরপর জাতীয় সংসদের সদস্য এবং দীর্ঘ ১০ বছর ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত তিনি সাবেক প্রেসিডেন্ট রুমেন রাদেভের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

নির্বাচনে জয়ের পর ইউক্রেনে সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করেন ইলিয়ানা ইয়োতোভা। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আলোচনায় আসেন। ২০২৬ সালে প্রেসিডেন্ট হওয়ার পরই একটি নতুন নির্বাচনী আইন সংশোধনী বাতিল করতে ভেটো প্রয়োগ করেন, যা ইইউর বাইরের বুলগেরীয় প্রবাসীদের ভোটকেন্দ্রের সংখ্যা সীমিত করতে চেয়েছিল।

Advertisements