বুধবার ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপনের কাজের জন্য বুধবার নির্দিষ্ট কয়েকটি এলাকায় তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপনের কাজ চলবে। এ কারণে এ সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আবাসিক, বাণিজ্যিকসহ প্রায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলোর মধ্যে রয়েছে বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশ পর্যন্ত এলাকা।
নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে। বিশেষ করে রান্নাসহ দৈনন্দিন গৃহস্থালি কার্যক্রমে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। তাই নির্ধারিত সময়ের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে, গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।



