বাগেরহাটের লোকালয়ে বাঘের পায়ের ছাপ, এলাকায় মাইকিং

সুন্দরবনের পাশের জনপদে বাঘের উপস্থিতির চিহ্ন ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে। সোমবার সকালে গ্রামের একটি বাড়ির পেছনে ভোলা নদীর চরে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় এক সদস্য। এ খবর ছড়িয়ে পড়ার পর নিরাপত্তার স্বার্থে গ্রামবাসীকে সতর্ক করতে এলাকায় মাইকিং শুরু করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ভিলেজ রেসপন্স টাইগার টিমের (ভিটিআরটি) সদস্য আ. লতিফ হাওলাদার নিজের বাড়ির পেছনে ভোলা নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান। পরে তিনি বিষয়টি বন বিভাগ ও ভিটিআরটি সদস্যদের জানান। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ভিটিআরটি দলের নেতা মো. জাকারিয়া হোসাইন জানান, নদীর চরের প্রায় অর্ধকিলোমিটার এলাকাজুড়ে বাঘের বিচরণের চিহ্ন পাওয়া গেছে। বাঘটি ওই এলাকা দিয়ে চলাচল করে আবার সুন্দরবনের দিকে ফিরে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে গ্রামবাসীকে সতর্ক থাকতে মাইকিং করা হচ্ছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বাঘের পায়ের ছাপ দেখার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে ভোলা নদী সাঁতরে বাঘটি লোকালয়ে এসেছিল। পরে সেটি সুন্দরবনে ফিরে গেছে। বন বিভাগের পক্ষ থেকে স্থানীয়দের সচেতন করতে মাইকিংয়ের পাশাপাশি বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের সার্বক্ষণিক টহল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সুন্দরবনসংলগ্ন এলাকায় বাঘের বিচরণ নতুন কিছু না হলেও লোকালয়ের কাছাকাছি এমন চিহ্ন স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে আপাতত সবাইকে সাবধানে চলাচল করতে এবং বন বিভাগের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।



